• জেলা জুড়ে বিজেপি প্রার্থীদের বিপুল জয়
    আজকাল | ০৫ মে ২০২৬
  • মিল্টন সেন, হুগলি, ৪ মে: দুই রাজনৈতিক দলের লড়াইয়ের সাক্ষী হয়ে রইল জেলা হুগলি। মূলত দুটি ভাগেই ভাগ হল প্রদত্ত ভোটের অধিকাংশই। জেলার পাণ্ডুয়া এবং উত্তরপাড়া কেন্দ্রের দুই হেভিওয়েট বাম প্রার্থী আমজাদ আলি এবং মীনাক্ষী মুখার্জি ভোট পেলেও, নির্ণায়ক ভূমিকায় পৌঁছতে পারলেন না। পরাজিত হলেন জেলার তিন হেভিওয়েট মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্নেহাশীষ চক্রবর্তী, বেচারাম মান্না। তেমন একটা ভোটও পড়ল না নোটায়। ভোট না পেয়ে জামানত জব্দ হল কংগ্রেস প্রার্থীর। অন্যান্য দলের প্রার্থীদের ঝুলিও খালি। ভোট পেল না অন্যান্য নির্দল প্রার্থীরাও। 

    জেলার ১৮ আসনের মধ্যে ১৬ টি আসন দখল করল বিজেপি। তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে সক্ষম হল শুধু মাত্র ধনেখালি এবং চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে। ১৩ হাজার ৫৮ ভোটের ব্যবধানে জয়ী হলেন অসীমা পাত্র এবং ১৯ হাজার ৬৬৩ ভোটার ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের স্বাতী খোন্দকার। পরাজিত হয়েছেন বিজেপির বর্ণালী দাস এবং দেবাশীষ মুখার্জি। তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে গঙ্গা তীরবর্তী সাত বিধানসভা কেন্দ্র। বলাগড়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী সুমনা সরকার। তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারাকে ৪১ হাজার ৯১৪ ভোটে পরাজিত করেছেন। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে ২৩ হাজার ২৮৯ ভোটে জয়লাভ করেছেন বিজেপি নেতা স্বরাজ ঘোষ। চুঁচুড়ায় ৪২ হাজার ৪১০ ভোটে জয়ী হয়েছেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি সুবীর নাগ। পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। চন্দননগরে বিদায়ী মন্ত্রী দু’‌বারের বিধায়ক ইন্দ্রনীল সেনকে দশ হাজারের কিছু বেশি ভোটে হারিয়ে ওই আসনে জয়ী হয়েছেন বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ। দীপাঞ্জন বাবু চুঁচুড়ার বাসিন্দা। চাপদানিতে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইনকে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি নেতা দিলীপ সিং। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষকে পরাজিত করেছেন বিজেপির ভাস্কর ভট্টাচার্য। উত্তরপাড়া কেন্দ্রে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষণ্য ব্যানার্জিকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির প্রাক্তন সেনা কর্মী দীপাঞ্জন চক্রবর্তী। এই আসনে বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি ছিলেন তৃতীয় স্থানে। পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীকে ৫ হাজার ২২৮ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি নেতা তুষার মজুমদার। এদিকে পাশাপাশি দুই বিধানসভা কেন্দ্র সিঙ্গুর এবং হরিপালে সস্ত্রীক পরাজিত বিদায়ী রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং তাঁর স্ত্রী করবী মান্না। জয়ী হয়েছেন বিজেপির ডাঃ অরূপ কুমার দাস ও মধুমিতা ঘোষ। জাঙ্গিপাড়া কেন্দ্র থেকে চারশোর কিছু বেশি ভোটে পরাজিত হয়েছেন বিদায়ী পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জয়ী হয়েছেন বিজেপির প্রসেনজিৎ বাগ। পাশাপাশি তারকেশ্বর কেন্দ্রে রামেন্দু সিংহ রায়কে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির সন্তু পান।

     
  • Link to this news (আজকাল)