বঙ্গ জয়ে ময়ূরপুচ্ছ ধুতিতে ‘বাঙালি বাবু’ মোদি, দিল্লির বিজেপি দপ্তরে বাজল বাংলা গান
প্রতিদিন | ০৫ মে ২০২৬
বঙ্গ জয়ের পর ‘বাঙালিবাবু’ সাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধুতি ও পাঞ্জাবি পরে নয়াদিল্লির সদর দপ্তরে প্রধানমন্ত্রী মোদি। সদর দপ্তরে বাজছে বাংলা গান। ছাব্বিশের নির্বাচনের যুদ্ধে বিজেপির নির্বাচনী গান, ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’ গান বেজেছে।
বাংলায় তৃণমূল সরকারের পতন ঘটেছে। বঙ্গে গেরুয়া সুনামি। নির্বাচন কমিশনের সাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ৯০টি আসন জিতে গিয়েছে বিজেপি। ১১৫টি আসনে এগিয়ে রয়েছে পদ্ম শিবির। ‘ক্ষমতা’ নিশ্চিত হতেই বাঙালিবাবু সেজে দিল্লির সদর দপ্তরে পৌঁছে যান মোদি। তিনি ময়ূরপুচ্ছ ধুতি ও পাঞ্জাবি পরে সদর দপ্তরে যান। সেখানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আজকের দিন ঐতিহাসিক। আজকে ভরসার দিন। এক ভারত ও শ্রেষ্ট ভারত তৈরির দিন। বাংলা, অসম, পদুচেরি, তামিলনাড়ুর জনতাকে প্রণাম জানাই। আমাদের দলের প্রত্যেককর্মীর হাসিতে আমি খুশি।” পাশাপাশি বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের প্রশংসা করেছেন মোদি।
উল্লেখ্য, সদর দপ্তরে যাওয়ার আগেই বাংলায় জয় নিয়ে পোস্ট করেন মোদি। পোস্ট করে তিনি লেখেন, ‘২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। আমি তাঁদের আশ্বাস দিচ্ছি, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।”