• ‘হিংসার সংস্কৃতি ছাড়ুন’, বঙ্গ জয় ‘শহিদ’ বিজেপি কর্মীদের উৎসর্গ করে বার্তা মোদির
    প্রতিদিন | ০৫ মে ২০২৬
  • “বাংলার এই জয় ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারকে উৎসর্গ করলাম।” বাংলায় বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পর এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। “এই জয় ঐতিহাসিক। বাংলায় নতুন সূর্যোদয় হল। বেশ কয়েক বছরের তপস্যার ফল মিলেছে। অঙ্গ-কলিঙ্গের পরে বিজেপির বঙ্গ জয়।” এই বার্তা দিলেন নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, বাংলায় ‘হিংসার সংস্কৃতি ছাড়ুন’ এই আর্জিও করেছেন তিনি।

    পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পরই এদিন সন্ধেয় বিজেপির সদর দপ্তরে পৌঁছন প্রধানমন্ত্রী। বিজেপির এই জয় প্রসঙ্গে কর্মী-নেতাদের শুভেচ্ছা জানান তিনি। বাংলায় এবার ফলাফলে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। উত্তরবঙ্গ তো বটেই দক্ষিণবঙ্গেও তৃণমূল কোণঠাসা। বাংলায় পতন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এদিন ‘বাঙালিবাবু’ সাজে মোদি দিল্লির দলীয় কার্যালয়ে যান। বাংলায় জয় নিয়ে বড় বার্তা দিয়েছেন তিনি।

    বিহারে ভোটের ফলাফলের দিনই নরেন্দ্র মোদি বলেছিলেন, গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়। এদিন তিনি বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে।” বিজেপির কোটি কোটি কর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এবারে বাংলায় ৯৩ শতাংশ ভোট পড়েছিল। সেই ঘটনা ঐতিহাসিক বলে এদিন দাবির পাশাপাশি তিনি বলেন, “বাংলায় নতুন সূর্যোদয় হল।”

    বাংলায় ভোটের রাজনীতিতে রক্তপাত, হিংসা, প্রাণহাণির ঘটনা দেখা গিয়েছে অতীতে। এবার নির্বাচন কমিশন কড়া হাতে বাংলায় নির্বাচন পরিচালনা করেছে। খুন, রক্তপাতের চিত্র ভোটের সময় দেখা যায়নি। এদিন বাংলায় সব রাজনৈতিক দলের প্রতি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। হিংসার সংস্কৃতি ছেড়ে আসার আর্জি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে এই প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল। বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে। এবার বদলা নয়, বদল।” অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে ভোটে লাগাতার প্রচার করেছিল বিজেপি। এদিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)