মোদির ভবিষ্যদ্বাণীতেই সিলমোহর! বাংলার ৯ জেলা থেকে মুছে গেল তৃণমূল
প্রতিদিন | ০৫ মে ২০২৬
ছাব্বিশে বাংলা দখলে মরিয়া ছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) নির্বাচনী প্রচারে এসে বারবার বলেছিলেন, বাংলার মানুষ পরিবর্তন চায়। তাঁরা কাজ চায়, সম্মান চায়। তাই এবার বাংলায় পদ্ম ফুটবেই। জনসভা থেকেই মোদি দাবি করেছিলেন, বাংলার কয়েকটি জেলায় একটি আসনও দখল করতে পারবে না তৃণমূল। সোমবার ফলাফল প্রকাশিত হতে দেখা গেল, মিলে গেল মোদির কথাই। বাংলার ৯ টি জেলায় নিশ্চিহ্ন হয়ে গেল ঘাসফুল শিবির।
বাংলায় ডবল ইঞ্জিন সরকার গঠনের লক্ষ্যে খুব সুচারুভাবে রণকৌশল সাজিয়েছিল বিজেপি। তৃণমূলকে পরাস্ত করতে বারবার বাংলায় ছুটে এসেছেন মোদি-শাহ। ভোটপর্বের মাঝেই চর্চায় উঠে এসেছিল মহিলা সংরক্ষণ বিল। সংসদে যার বিরোধিতা করেছিল তৃণমূল। তার প্রেক্ষিতেই তৃণমূলকে নারীবিরোধী সরকার বলে তকমা দিয়েছিল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী বেলদায় দাঁড়িয়ে এই আচরণের বিরোধিতায় সুর চড়িয়েছিলেন। সেখানেই মোদি বলেছিলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, বাংলার মানুষ এবার পরিবর্তনের সংকল্প নিয়েছে। বেশ কয়েকটি জেলায় একটি আসনও পাবে না তৃণমূল।
সোমবার প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হলেও একটা সময়ের পর বদলে যায় ছবিটা। ক্রমশ পিছিয়ে পড়তে থাকে তৃণমূল। বেলা গড়াতেই দেখা যায়, প্রায় দুশোর কাছাকাছি আসন এগিয়ে বিজেপি। সেখানে তৃণমূল পেরতে পারেনি ৯০-এর গণ্ডিও। দেখা যাচ্ছে, বাংলার ৯ টি জেলায় একটি আসনও পায়নি তৃণমূল। তালিকায় রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর। উল্লেখ্য, উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্তঘাঁটি। তবে একুশে বেশ কিছু আসন দখলে রেখেছিল তৃণমূল। কিন্তু ছাব্বিশে উত্তরে কার্যত ধুয়ে মুছে সাফ ঘাসফুল। কোচবিহারে শুধুমাত্র একটি আসন পেয়েছে তৃণমূল। তালিকায় দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি আসন।