• ভবানীপুরে কিছুক্ষণের জন্য থমকে গণনা! তৃণমূলের বিরুদ্ধে মারধরের নালিশ বিজেপির এজেন্টের
    প্রতিদিন | ০৫ মে ২০২৬
  • ভবানীপুরে ১৪ রাউন্ডের গণনার পর হঠাৎ বন্ধ হয়ে যায় গণনা। প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে গণনা বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোটগণনায় কারচুপির চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এজেন্টকে গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি বারংবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করছে তৃণমূল। যদিও বিজেপি এই সব অভিযোগ অস্বীকার করেছে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এজেন্টের অভিযোগ তাঁকে মারধর করা হয়েছে। যদি বিশৃঙ্খলার পর ফের শুরু হয়েছে গণনা। ১৪ রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে ৩৮৩০ ভোটে এগিয়ে রয়েছেন।

    রাজ্যে ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দিকে দিকে গেরুয়া শিবিরের প্রার্থীদের জয়ের খবর সামনে আসছে। এই আবহে ভবানীপুরে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। নির্বাচন প্রক্রিয়া শুরুর প্রথমদিন থেকে বিজেপি এবং কমিশন কারচুপি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা। গণনা চলাকালীন দুপুর গড়াতেই সাখাওয়াতের গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতা কর্মীদের মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকী মুখ্যমন্ত্রীর এজেন্টকেও মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই সাখাওয়াতের গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। কমিশনের নিয়মকে অমান্য করে দু’জনে মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করায় তাঁদের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 

    যদিও তার পরেও উত্তেজনা কমেনি। গণনাকেন্দ্রে তৃণমূল বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করে বিজেপি। শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাসের অভিযোগ, তাঁকে মারধর করে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে তৃণমূলের লোকজন। ১৪ রাউন্ড গণনার পরে এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য ভবানীপুর বিধানসভা কেন্দ্রের গণনা বন্ধ করে দেওয়া হয়। গণনাকেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণের মধ্যেই ফের চালু হয় গণনা। 

    তৃণমূলের অভিযোগ, নিশ্চিত জয়ের পরেও ডায়মন্ডহারবার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি, পাথরপ্রতিমা, বাসন্তি, বর্ধমান উত্তর ও সিতাইয়ের তৃণমূল প্রার্থীদের সার্টিফিকেট দিচ্ছে না নির্বাচন কমিশন। ইচ্ছা করে গণনা প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে। 
  • Link to this news (প্রতিদিন)