২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী। আহতের নাম অর্ঘদীপ বসু। ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে ঘটেছে এই ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে গুলিচালনার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।
সোমবার সন্ধ্যায় রাজ্য জুড়ে বিজেপি-র বিপুল জয়ের পরে ক্যানিং এলাকায় বিজেপি কর্মীরা মিছিল করছিলেন। সেই মিছিলে ছিলেন অর্ঘদীপ। অভিযোগ, সেই মিছিল লক্ষ্য করে গুলি চালায় তৃণমূলকর্মীরা। ঘটনায় আহত হন অর্ঘদীপ। তাঁর ডান পায়ে গুলি লাগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌছয়। তবে এই ঘটনায় এখনও কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। এলাকায় উত্তেজনা রয়েছে।
গুলি চালনার ঘটনার পরে আহতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি।
সারা রাজ্যে বিজেপি বিপুল ভোটে জিতলেও ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিম আসন ধরে রাখতে সমর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। ক্যানিং পশ্চিম আসনে ৪০,৬৬৫ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। বিজেপি-র প্রশান্ত বায়েনকে পিছনে ফেলেছেন তিনি।
অন্য দিকে ক্যানিং পূর্ব আসনে ৯১,৯৫৪ ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থী মহম্মদ বাহারুল ইসলাম। সেখানে তাঁর কাছে হেরেছেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম।