পানিহাটিতে অভয়ার মায়ের কাছে হেরেও কলতান বলছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’
প্রতিদিন | ০৫ মে ২০২৬
অভয়ার সুবিচার থেকে রাজ্যের দুর্নীতি, বেকারত্ব-একাধিক ইস্যুকে হাতিয়ার করে ঝোড়ো প্রচার চালিয়েছিলেন পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। কিন্তু ভোটবাক্সেই প্রমাণ যে, হারানো আস্থা পুনরুদ্ধার করতে ব্যর্থ বামেরা। তবে হেরে গেলেও লড়াইয়ের ময়দান থেকে সরছেন না বলেই জানালেন কলতান। তাঁর কথায়, “গতকালের মতোই আজও আমরা সুবিচার চাই।” বিজেপির মসনদে আসা আসলে বাংলার জন্য আরও অন্ধকারে তলিয়ে যাওয়া বলেও মন্তব্য করলেন তিনি।
বামেদের পরিচিত মুখ কলতান দাশগুপ্ত। অভয়া আন্দোলনকে কেন্দ্র করে চর্চায় উঠে এসেছিলেন তিনি। জেলেও গিয়েছেন। ছাব্বিশে পানিহাটি আসনে সেই কলতানেই আস্থা রেখেছিল সিপিএম। যা মোটেই ভালোভাবে নেননি অভয়ার মা। পরবর্তী তিনি ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। মেয়ের আবেগে শান দিয়ে পানিহাটি আসন জিতে নিয়েছেন অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথ। কাকিমার বিরুদ্ধে ক্ষোভ না থাকলেও বিজেপির এই জয়কে বাংলার আরও অন্ধকারে তলিয়ে যাওয়ার সূচনা বলেই মনে করছেন কলতান।
তবে পরাজয়ের জন্য আন্দোলন থামবে না বলেই মন্তব্য কলতান দাশগুপ্তের (Kalatan Dasgupta)। তিনি বলেন, “মানুষের রায় আমরা মাথা পেতে নিয়েছি। আমরা গতকালও অভয়ার জন্য পথে ছিলাম। সুবিচার আজও মেলেনি। ফলে সেই দাবিতে আমরা আবারও পথে নামব।” বিজেপি বহুবার বহু ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলকে। এবার সেই ফাইল খুলবে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানালেন কলতান। অন্যথায় হুঁশিয়ারি দিলেন পথে নামার। বুঝিয়ে দিলেন, জয় না এলেও মানুষের পাশে তিনি ছিলেন, আছেন, থাকবেন।