• বদলান বাংলার হিংসার ছবি, বার্তা নমো–শমীকের
    এই সময় | ০৫ মে ২০২৬
  • এই সময়: রাজনৈতিক ক্ষমতার বদল হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে ভোট–পরবর্তী হিংসা। যা বন্ধ করার জন্য আহ্বান জানালে‍ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার দিল্লির পার্টি অফিস থেকে বাংলার ভোট রাজনীতিতে ‘হিংসার অন্তহীন চক্র’কে চিরতরে শেষ করার আর্জিও জানিয়েছেন মোদী।

    ২০১১–তে সিপিএমকে হারিয়ে বাংলার মসনদ দখল করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতার অ‍লিন্দে পা–দিয়েই তিনি ‘বদলা নয়, বদল’–এর ডাক দিয়েছিলেন। ১৫ বছর পরে ঠিক একই ভাবে রাজ্যে ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হলেন নমোও। তাঁর কথায়, ‘বদলা নয়, বদল করতে হবে। ভয় নয়, ভবিষ্যতের কথা বলতে হবে। সব রাজনৈতিক দলের কর্মীদের কাছে আমার আহ্বান, আসুন, হিংসার এই অন্তহীন চক্রকে চিরতরে শেষ করি। কে কাকে ভোট দিয়েছে, কে কাকে ভোট দেয়নি, এ সবের ঊর্ধ্বে উঠে বাংলার সেবার জন্য কাজ করি।’

    ভোট পরবর্তী হিংসার বিষয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার কথা বলেছেন শমীক। পুলিশ–প্রশাসনের উদ্দেশে তাঁর বার্তা, ‘কেউ কোথাও হিংসার চেষ্টা করলে রং দেখবেন না। কেউ গেরুয়া তিলক পরে হাতে বিজেপির ঝান্ডা নিয়ে কারও উপরে হামলা করলে কঠোর পদক্ষেপ করুন। কোনও অবস্থাতেই আমাদের পার্টি এবং আগামীর সরকার হিংসা বরদাস্ত করবে না।’ ২০২১–এর বিধানসভা নির্বাচনের পরে বাংলা জুড়ে হামলা হয়েছিল বিজেপি কর্মী–সমর্থকদের উপরে। তাতে প্রাণও গিয়েছিল বহু বিজেপি কর্মীর। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। হিংসার গুরুতর সব মামলার তদন্ত করেছে সিবিআই। ২০২১–এর পরে তৃণমূলের আক্রমণ থেকে বাঁচতে ঘরছাড়াও হয়েছিলেন হাজার হাজার বিজেপি কর্মী। ফলে বিজেপির নিচুতলার কর্মীদের একাংশ বদলার অপেক্ষায় প্রহর গুনছিলেন। সোমবার বাংলায় গেরুয়া ঝড়ের পরে তাঁদের সংযত থাকার বার্তাই দিতে দেখা গেল বিজেপির শীর্ষ নেতৃত্বকে।

    প্রধানমন্ত্রী এ দিন দিল্লি থেকে বলেন, ‘এখন থেকে বাংলা পরিবর্তনের নতুন যুগে প্রবেশ করল৷ বাংলার প্রতিটি রাজনৈতিক দলের কাছে আবেদন করছি, যুগের পর যুগ ধরে বাংলার রাজনৈতিক হিংসার কারণে বহু মানুষের প্রাণ গিয়েছে। আমার মনে হয়, আজ থেকে বাংলার ভোট সংস্কৃতিতে পরিবর্তন আসা দরকার।’ রাজ্যের কয়েকটি জায়গা থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের খবর আসতেই নড়েচড়ে বসেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এ দিন বিকেলে সল্টলেক পার্টি অফিসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, ‘বিজেপি–সহ সব রাজনৈতিক দলের কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি, শান্তি বজায় রাখুন। ভোট পরবর্তী সন্ত্রাসের কালো দাগ আছে বাংলার গায়ে। সেই দাগ মোছার জন্যই রাজ্যের মানুষ আমাদের ভোট দিয়েছে। বিজেপি কর্মীরা সংযত থাকুন। অবশ্যই জয় উদযাপন করুন, তবে শান্তিতে। অন্য কোনও দলের কর্মীদের নিশা‍না করবেন না। এমনকী, বিদায়ী মুখ্যমন্ত্রীর উদ্দেশেও কোনও কুকথা বলবেন না।’ যদিও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিপিএমকে সরিয়ে আমরা এসেছিলাম। আমরা বলেছিলাম, বদলা নয়, বদল চাই। বিজেপি জিততেই নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। বাইক নিয়ে বেরিয়ে হুমকি দিচ্ছে। এমনকী, মুখ্যমন্ত্রীর কেন্দ্রেও গণনায় বাধা দেওয়া হয়েছে। এটা নিন্দনীয়। মানুষ তাদের ম্যানডেট দিয়েছেন। কিন্তু এঁরা কী ভাবে রাজ্য চালাবেন, তা নিয়ে সংশয় হচ্ছে।’

  • Link to this news (এই সময়)