ভোটের উত্তাপের মাঝেই ফের ভোলবদল আবহাওয়ার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সঙ্গে হতে পারে কালবৈশাখী। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে বুধবার থেকে ক্রমশ কমবে ঝড়বৃষ্টির দাপট। বৃহস্পতি থেকে ফের শুষ্ক হতে পারে রাজ্যের আবহাওয়া।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। তবে চড়া রোদের দেখা মিলছে মাঝে মধ্যেই। সারাদিন পথচলতি মানুষ গরমে নাজেহাল হলেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভবনা রয়েছে শহর কলকাতায়। তবে বুধবার থেকে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর তাণ্ডব হতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুরের পরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ সতর্কতা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। এ ছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে উপকূলের জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কালবৈশাখীর হতে পারে মালদায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়বৃষ্টির সম্ভবনা রয়েছে। এ ছাড়াও, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া।