তিলোত্তমায় দুর্যোগের ঘনঘটা! দক্ষিণের ৬ জেলায় ঝড়বৃষ্টি, মৎস্যজীবীদের ‘রেড সিগন্যাল’
প্রতিদিন | ০৫ মে ২০২৬
বঙ্গে রাজনীতির হাওয়া বদলেছে। প্রকৃতিরও মুড বদলাচ্ছে? গরমের অস্বস্তি ফিরবে নাকি আপাতত বৃষ্টিস্নাতই থাকবে শহরের মাটি? হাওয়া অফিস বলছে, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেশকিছু এলাকায়। তবে কাল থেকে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে ঝড়ের গতিবেগ। দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের জন্যেও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উপকূল ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় বইতে পারে।
ওড়িশা এবং মধ্যপ্রদেশে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। ছত্রিশগড় থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। যে অক্ষরেখাটি ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে।
উত্তরবঙ্গে গোটা সপ্তাহজুড়েই চলবে ঝড়বৃষ্টি। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামিকাল অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। কখনও আংশিক মেঘলা হতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দুর্যোগের নামতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৪ শতাংশ।