• অসমে হ্যাটট্রিক বিজেপির, হিমন্তের নেতৃত্বে ১০০ পার গেরুয়া শিবিরের
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • দিসপুর: অসমে অটুট হিমন্ত-ম্যাজিক। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসকেও ছাপিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। ২০১৬ ও  ২০২১ সালের পর এবারও উত্তর-পূর্বের রাজ্যে তারাই সরকার গড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্য বিধানসভার ১২৬ আসনের মধ্যে ১০২টিতে এগিয়ে বা জয়ী হয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, কংগ্রেসের আসন কুড়ির নীচে নেমে এসেছে। জোরহাট থেকে হেরে গিয়েছেন সাংসদ তথা প্রদেশে কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। অন্যদিকে রেকর্ড মার্জিনে জিতেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জালুকবাড়ি আসনে প্রায় ৯০ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। দলের এই দাপুটে জয় নিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, অসমের মানুষ ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে আশীর্বাদ করেছে। এদিন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন হিমন্ত। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গেও বিজেপি জয়ী হওয়ায় উত্তর-পূর্ব ভারত আরও সুরক্ষিত হবে।  

    এবারের নির্বাচনে হিমন্তকে টেক্কা দিতে তিন গগৈকে নিয়ে ময়দানে নামিয়েছিল কংগ্রেস জোট। তিনজনই অহম সম্প্রদায়ের। আপার অসমের তাঁদের বিশেষ প্রভাব রয়েছে। অসম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈ, রাইজ্যের দলের অখিল গগৈ ও কংগ্রেসের গৌরব গগৈ।  কিন্তু, ফল প্রকাশের পর দেখা গেল কোনো প্রভাবই ফেলতে পারেননি ত্রিমুর্তি। আপার অসমেও একতরফা জয় পেয়েছে বিজেপি। 

    মুখ্যমন্ত্রীর পাশাপাশি অসম মন্ত্রিসভার প্রায় সকল সদস্যই জয়ী হয়েছেন বা এগিয়ে রয়েছেন। বোকাখাতে ৬০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন কৃষিমন্ত্রী অতুল বোরা। গোলাঘাট আসনে জয় পেয়েছেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগও। জয়ের ব্যবধান ৪৩ হাজার ৭৫৯। জাগিরোড থেকে জয়ী হয়ে চতুর্থবারের জন্য বিধায়ক হলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। 

    শেষ খবর পাওয়া পর্যন্ত বরাক উপত্যকায় ১৩ আসনের মধ্যে আটটিতে এগিয়ে বিজেপি। পাশাপাশি, অসমের বোরোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নেও ১৫ আসন দখল করেছে এনডিএ শিবির। এই বিপুল জয় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া বলেছেন, ২০২১ সালের ইস্তাহারে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সেগুলি অক্ষরে অক্ষরে পূরণ করা হয়েছে। তাই রাজ্যের মানুষ ৫৫ বছরের কংগ্রেসি অপশাসনের বিরুদ্ধে বিজেপির এক দশকের সুশাসনে আস্থা রেখেছেন। 
  • Link to this news (বর্তমান)