পাটনা: ফের বিহারে ভেঙে পড়ল সেতু। সোমবার ভোরবেলায় ভাগলপুর জেলায় এই ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। জানা যাচ্ছে, ভাগলপুর এবং নৌগাছিয়ার মধ্যে সংযোগকারী ৪.৭ কিলোমিটার দৈর্ঘের বিক্রমশিলা সেতু ভেঙে পড়ে। এর জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনও গাড়ির ক্ষতি হয়নি। ভাগলপুরের জেলাশাসক নওলকিশোর চৌধুরী বলেন, ‘ভোররাত ১২টা ৫০ নাগাদ বিক্রমশিলা সেতুর ১৩৩ নম্বর পিলারের কাছে একটি গ্যাপ ধরা পড়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই নদীতে সেতুর একটি বড় স্ল্যাব ভেঙে পড়ে। দুর্ঘটনার পরই এলাকায় পৌঁছে যান সরকারি আধিকারিকরা। তড়িঘড়ি সেতু থেকে গাড়ি সরিয়ে দেওয়া হয়।
বিহারের রাজ্য সেতু নির্মাণ নিগমের চেয়ারম্যান চন্দ্রশেখর সিং বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। এব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন। সাধারণ মানুষের নদী পারাপারের জন্য অতিরিক্ত বোটের ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে, মাসখানেক আগেই খবর এসেছিল ওই সেতুর অবস্থা ভালো নয়। তবে সেই সময় সেতুর দেওয়াল সংস্কার করা হলেও স্ল্যাবগুলিরও বেহাল অবস্থা ধরা পড়েনি। এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই গাফিলতির অভিযোগ উঠে এসেছে।