• প্রথম থেকেই এগিয়ে, জিতলেন হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • সংবাদদাতা, হবিবপুর: সোমবার সকালে গণনা শুরুর প্রথম থেকেই এগিয়ে থেকে একতরফা জয় মালদহের হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর। এদিন গণনা শুরু হতেই মালদহ পলিটেকনিক কলেজে গণনাকেন্দ্রের বাইরে ভিড় করতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। প্রতিটি রাউন্ডের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। ঢাক-ঢোল বাজিয়ে গেরুয়া আবির খেলায় উৎসবের আবহ তৈরি হয় হবিবপুর বিধানসভা এলাকা জুড়ে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস শিবিরে শুরু থেকেই দেখা যায় হতাশার ছাপ। বহু চেষ্টার পরেও ব্যবধান কমাতে পারেনি তারা। 

    বিজেপির নেতারা বলছেন, বুথস্তরে সংগঠন মজবুত করা এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ফলেই এই সাফল্য। তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি মানুষ প্রত্যাখ্যান করেছে। ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে ভোট বাক্সে। এদিন দিনভর বিজেপি কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ, আতশবাজি পোড়ানো এবং বিজয় মিছিলের প্রস্তুতি নিতে দেখা যায় কর্মীদের। এরপর বড় আকারে বিজয় মিছিল বের করার পরিকল্পনা করছেন তাঁরা। 

    বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বীণা কীর্তনীয়া বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক বুথেই বিজেপি ভালো ফলাফল করেছে। মানুষের এই আশীর্বাদের কথা মাথায় রেখে বিজেপি এলাকায় উন্নয়ন করবে। 

    তৃণমূলের একাংশ নেতার বক্তব্য, কিছু এলাকায় সংগঠনের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দলই এই ফলাফলের অন্যতম কারণ। হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার বলেন, কী কারণে ফল খারাপ হয়েছে, খতিয়ে দেখা হবে।এদিকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)