• গঙ্গা থেকে কুলিকের পাড় পর্যন্ত জয়ের বাঁধভাঙা উচ্ছ্বাস বিজেপির
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সেলিব্রেশনের প্রস্তুতি ছিল সকাল থেকেই। উচ্ছ্বাস বাঁধ ভাঙল বেলা ১২টা নাগাদ। এরপর সময় যত এগিয়েছে, গৌড়বঙ্গের গণনা কেন্দ্রগুলির কাছাকাছি জমায়েত হওয়া বিজেপি নেতাকর্মী এবং সমর্থকরা কার্যত দখল নিয়েছেন রাজপথের। গণনার কারণে সোমবার এমনিতেই যান চলাচল ছিল অত্যন্ত কম। রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও ছিল নগণ্য। ফলে হাজার হাজার বিজেপি সমর্থক গেরুয়া আবির খেলায় শামিল হন। রাস্তায় ডিজেতে ‘পাল্টানো দরকার’ গান বাজিয়ে শুরু হয় বেতাল নৃত্য। কোথাও আবার মাইকে বাজতে শুরু করে হনুমান চালিশা।

    মালদহ পলিটেকনিকে ছিল জেলার সাতটি বিধানসভার গণনা। মালদহ মানিকচক রাজ্যসড়কের উপরে পলিটেকনিকের কাছে ছিল বিজেপি এবং তৃণমূলের শিবির। জড়ো হয়েছিলেন দুই দলের সমর্থকরাই। রাজ্যে তৃণমূলের একের পর এক পরাজয়ের খবর আসতে শুরু করতেই ফাঁকা হতে শুরু করে তৃণমূল শিবির। উলটোদিকে ভিড় উপচে পড়তে শুরু করে বিজেপি শিবিরে। ফাঁকা রাস্তায় ঢল নামে বিজেপি কর্মীদের। রাজ্যে বিজেপি সরকার হচ্ছে নিশ্চিত হতেই শুরু হয়ে যায় মিষ্টিমুখের পালা। বেলা দু’টার মধ্যে তৃণমূল শিবিরে তখন শুধুই খালি সবুজ চেয়ার।

    মালদহ কলেজের গণনা কেন্দ্রে ছিল জেলার পাঁচটি বিধানসভার কাউন্টিং। অদূরে রবীন্দ্র এভিনিউতে বিরাট শিবির ছিল বিজেপির। একের পর এক জয়ের খবর আসতেই উল্লাসে ফেটে পড়েন বিজেপির নেতাকর্মীরা। দলের মহিলা মোর্চার কর্মীরা গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে স্কুটার নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে টহল দেওয়া শুরু করেন রাস্তায় রাস্তায়। মালদহ শহরের পাড়ায় পাড়ায় বিজেপি কর্মী, সমর্থকরা গেরুয়া আবির, ডিজে বক্স নিয়ে ছোটো ছোটো মিছিল বের করেন। 

    টোটোর মাথায় বেঁধে দেওয়া হয় গেরুয়া পতাকা। সন্ধ্যায় মালদহ শহরের ফোয়ারা মোড়ে বিশাল জমায়েত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শোনার ব্যবস্থা করে বিজেপি। বিলি করা হয় ঝালমুড়ি। বিজেপির জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, বড় জয়ের বড় উদযাপন হবে। আজ তো জেলার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। ক’দিন উদযাপন হবে, এখনই বলা সম্ভব না। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং হেমতাবাদে  ভোটের ট্রেন্ড দুপুরেই মিলেছিল। তাতেই ছিল বিজেপির জয়ের আভাস। তারপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রায়গঞ্জ পলিটেকনিকের বাইরে লাগাতার চলল গেরুয়া উচ্ছ্বাস। জয় শ্রীরাম স্লোগান। কোথাও গেরুয়া আবির উড়িয়ে, কোথাও গাদা ফুল ছিটিয়ে উল্লাস প্রকাশ করেন বিজেপি নেতা কর্মীরা। দিকে দিকে বিলি হয় লাড্ডু। বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সভাপতি নিমাই কবিরাজরা রায়গঞ্জের গণনাকেন্দ্রের বাইরে থেকে কর্মীদের উৎসাহিত করেন। কাউন্টিং সেন্টারের বাইরেও বিজেপির উল্লাস প্রকাশ পায় একের পর এক আতশবাজি, পটকা ফাটিয়ে।

    বালুরঘাটেও বিজেপি কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এদিন সকাল থেকে শহরে উৎসবের প্রস্তুতি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জয়ের খবর আসতেই ঢাক-ঢোল বাজিয়ে আনন্দে মেতে ওঠেন কর্মীরা। দুপুরে কর্মীদের উৎসাহ বাড়াতে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 
  • Link to this news (বর্তমান)