দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের বাইরে ডিজে বাজিয়ে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের
বর্তমান | ০৫ মে ২০২৬
সংবাদদাতা, দুর্গাপুর: পঞ্চম রাউন্ডের গণনা শেষ হতেই দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের বাইরে ডিজে বাজিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। এখানে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভার ভোটগণনা হয়। সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে একের পর এক ফলাফল আসতে থাকে। দুর্গাপুর পূর্বে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারকে ৩০ হাজার ৯৩৪ ভোটে হারিয়ে জয়ী হন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর পশ্চিমে এডিডিএ-র প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের কবি দত্ত পরাজিত হন ৩৭ হাজার ৫৯৮ ভোটে। এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির লক্ষ্মণ ঘড়ুই। পাণ্ডবেশ্বরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ১৩৯৮ ভোটে পরাজিত করেন বিজেপির জিতেন্দ্র তেওয়ারি। জয়ের খবর ছড়াতেই গণনা কেন্দ্রের বাইরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ও ডিজের তালে নাচতে থাকেন বিজেপি কর্মীরা। তৃণমূল প্রার্থীরা কেন্দ্র ছেড়ে বেরনোর সময়েও ওঠে ‘চোর চোর’ স্লোগান।
জয়ের পর লক্ষ্মণ ঘড়ুই বলেন, এই জয় মানুষের জয়। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের আগে যেমন ঘরে ঘরে আশীর্বাদ চেয়েছি, জয়ের পরেও তাই করব। আসল বিজয় উৎসব সেদিন, যেদিন নগর নিগম ও এডিডিএ থেকে দুর্নীতি দূর হবে।-নিজস্ব চিত্র