• সব দপ্তরের ফাইল, নথি হাপিশ রুখতে নির্দেশ মুখ্যসচিবের
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের কোনো দপ্তর থেকে ফাইল বা কাগজ উধাও হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও  বিভাগের শীর্ষ কর্তাকে দায়ভার নিতে হবে। লিখিত নির্দেশিকা জারি করে জানালেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল। প্রত্যেক দপ্তরের সচিব ও বিভাগীয় কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেককে নিশ্চিত করতে হবে যেন গুরুত্বপূর্ণ ফাইল বা কাগজ নষ্ট বা সরানো না-হয়। এমনকি অফিস থেকে এগুলি বের করে নিয়ে যাওয়া না-হয় সেটিও দেখতে বলা হয়েছে। কোনো নথি কপি বা স্ক্যানিং করা হচ্ছে না কি না তাও নজরে রাখতে হবে। প্রতিটি বিভাগের সচিবরা এজন্য দায়বদ্ধ থাকবেন। তবে মুখ্যসচিবের এই নির্দেশের পরই নবান্নে গুঞ্জন শুরু হয়েছে, মমতা সরকার ফাইল হাপিশ করে দিতে পারে এই আশঙ্কা করেই কি নির্দেশিকা জারি করা হল! এদিকে সোমবারই নবান্নের সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। যাঁরা আসছেন এবং ভিতরে ঢুকছেন তাঁদের প্রত্যেকের নথি দেখতে চাওয়া হচ্ছে। কী কারণে আসছেন জানতে চাইছেন তাঁরা। নবান্ন থেকে যাঁরা বেরোচ্ছেন তাঁদের প্রত্যেকের ব্যাগ চেক করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
  • Link to this news (বর্তমান)