• গোসাবায় ফুটল পদ্ম, সুন্দরবনের অন্যান্য কেন্দ্রে আধিপত্য তৃণমূলের
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: গোসাবা বাদে সুন্দরবন অঞ্চলের বাকি কেন্দ্রগুলিতে জয়যাত্রা অব্যাহত রাখল তৃণমূল। রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার এই অংশে জোড়াফুল শিবিরের সাফল্য নজর কেড়েছে রাজনৈতিক মহলের। ক্যানিং, বাসন্তী থেকে শুরু করে কুলতলি, জয়নগর, রায়দিঘি, মন্দিরবাজার, বারুইপুর পশ্চিম ও বারুইপুর পূর্ব আসনে জয় পেয়েছে তৃণমূল। 

    সোমবার ক্যানিং মহকুমার বিধানসভা কেন্দ্রগুলির ভোট গণনা হয় ক্যানিং ট্যাংরাখালি কলেজে। কেন্দ্রগুলি হল ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বাসন্তী, গোসাবা। এই চার কেন্দ্রের মধ্যে একমাত্র গোসাবায় জয়ী হয়েছে বিজেপি। এই খবর লেখা পর্যন্ত ক্যানিং পশ্চিম কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরেশরাম দাস ৪০ হাজারের বেশি ভোটে জয়ী হতে চলেছেন। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামও বড়ো অংকের ব্যাবধানে জয়ী হতে চলেছেন। বাসন্তী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নীলিমা মিস্ত্রি ২০ হাজারের বেশি ব্যাবধানে জয়ী হতে চলেছেন। প্রসঙ্গত, ক্যানিং পূর্ব ও বাসন্তী, এই দু’টি আসনেই তৃণমূল এবার নতুন প্রার্থী দাঁড় করিয়েছিল। সুন্দরবনের কুলতলিতে তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল নিজের জয়ের ধারা অব্যাহত রেখেছেন। তিনি ৫৯ হাজার ২৭৬ ভোটে জয়ী হয়েছেন বলে খবর। জয়নগরের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাস জয়ের ধারা বজায় রেখে হ্যাটট্রিক করেছেন। তিনি ২৭ হাজারের বেশি ভোটে জয়ী হতে চলেছেন বলে খবর। মন্দিরবাজারে চতুর্থবার জয় পেতে চলেছেন তৃণমূল প্রার্থী জয়দেব হালদার। তিনি ৬১ হাজার ৬৬১ ভোটে এগিয়ে আছেন। এবার রায়দিঘি ছিল অন্যতম নজরকাড়া কেন্দ্র। সেখানে তৃণমূল একেবারে নতুন মুখ, প্রাক্তন শিক্ষক তাপস মণ্ডলকে প্রার্থী করেছিল। তাঁর সঙ্গে বিজেপি প্রার্থী পলাশ রানার জোর লড়াই হয়। শেষ পাওয়া খবর, তৃণমূল প্রার্থী ৩২০০ ভোটে জয়ী হতে চলেছেন।

    এর পাশাপাশি, বারুইপুর পশ্চিম বিধানসভার হেভিওয়েট তৃণমূল প্রার্থী বিধানসভার বিদায়ী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চতুর্থ বার জয়ী হতে চলেছেন ১৫ হাজারের বেশি ভোটে। এই খবর লেখা পর্যন্ত বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সঙ্গে জোর টক্কর চলছে বিজেপি প্রার্থী টুম্পা সর্দারের।
  • Link to this news (বর্তমান)