• কুণাল, নয়না, ও সন্দীপনের হাত ধরে তৃণমূলের মানরক্ষা
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতাতেও বয়ে গেল গেরুয়া ঝড়। সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলকে খোয়াতে হল চারটি আসন। রাজ্যজুড়ে ঘাসফুল শিবিরের এমন ধরাশায়ী পরিস্থিতিতে উত্তর কলকাতায় তৃণমূলের মান কিছুটা রক্ষা হল কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার হাত ধরে। বেলেঘাটায় কুণাল ঘোষ জিতেছেন ২৮ হাজার ভোটে। চৌরঙ্গিতে ৬২ হাজার ৯৩৮ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন নয়না। আর এন্টালিতে ৩৪ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হয়েছেন সন্দীপন। গুরুত্বপূর্ণ বিষয় হল, কুণাল ঘোষ এবং সন্দীপন সাহা দু’জনেই এবার প্রথম বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

    ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন সন্দীপন এবং কুণাল। শেষ হাসিও হেসেছেন তাঁরাই। কিন্তু, মাঝের একটি সময়ে চৌরঙ্গিতে সামান্য কিছু ভোটে এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী সন্তোষকুমার পাঠক। তবে এক্ষেত্রেও নয়নার জনপ্রিয়তার কাছে হার শিকার করতে হয়েছে বিজেপি প্রার্থীকে। 

    তবে এন্টালি কেন্দ্রে হেরে গিয়েও সন্দীপনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বেরনোর সময় তিনি বলেন, যে সমস্ত ওয়ার্ডে আমি হেরেছি, সেখানেও উন্নয়ন হবে। লক্ষ্মীর ভাণ্ডার উঠে যাবে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রতিটি বাড়িতে পৌঁছে দেব।
  • Link to this news (বর্তমান)