• পদ্ম ঝড়ে হাবড়া-অশোকনগরে ধরাশায়ী তৃণমূল, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: গেরুয়া ঝড়ে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ও অশোকনগরের হেভিওয়েট তৃণমূল প্রার্থীরা বিপুল মার্জিনে হারলেন। প্রথম থেকে লিড থাকলেও গণনা যত এগিয়েছে ততই বিজেপির দাপট দেখা গিয়েছে ইভিএমে। জনতার রায়ে হাবড়া ও অশোকনগরের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ও নারায়ণ গোস্বামী পরাজিত হয়েছেন। ‘তৃণমূলের দুর্গ’ হিসাবে পরিচিত এই দুই বিধানসভায় দীর্ঘদিন পর ফুটল পদ্মফুল। তাতে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল তুঙ্গে। গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় পরাজিত প্রার্থীদের মুখে ছিল শুধুই হতাশা। কথা বলার মতো পরিস্থিতি ছিল না এই দুই প্রার্থীর। তাঁদের কথায়, হার হয়েছে। দল বিষয়টি পর্যালোচনা করবে। 

    এবার উত্তর ২৪ পরগনা জেলায় নজরে ছিল হাবড়া কেন্দ্র। এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে, বিজেপির প্রার্থী ছিলেন দাপুটে বিজেপি নেতা দেবদাস মণ্ডল। প্রথম থেকে দেবদাসবাবু জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন। বারেবারে প্রচারে গিয়ে তাঁর মুখে ছিল জয় নিয়ে আত্মবিশ্বাসীর সুর। ভোটগণনা শুরু থেকে হাবড়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের থেকে ব্যবধান বৃদ্ধি করছিলেন। কিন্তু প্রথম কয়েক রাউন্ড পর হাবড়ায় উলটপুরাণ। তৃণমূল প্রার্থী বালু পিছিয়ে পড়তে শুরু করেন। শেষপর্যন্ত হাবড়া-হারা হলেন তিনি। ২০১১ সালে প্রথমবার হাবড়া জিতেছিলেন বালু। আর ১৫ বছর পর হাবড়ায় তরী ডুবল তাঁর। হারলেন ৩১ হাজার ৪৬২ ভোটে। জয়ী বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল বলেন, আমি প্রথম থেকেই বলে আসছি চাল চোর হারবে। আর সেটাই হয়েছে। মানুষ সারা বাংলার মতো হাবড়াতে তৃণমূলকে উৎখাত করেছে। এবার মোদিজির হাত ধরে হাবড়ার ভোল বদল হবে।

    অন্যদিকে, ২০২১ সালে অশোকনগরের প্রার্থী হন নারায়ণ গোস্বামী। সেবার তিনি বিপুল মার্জিনে জয়লাভ করেন। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন তিনি। নিকটতম প্রার্থী সুময় হীরার কাছে ৯৪০৮ ভোটে হেরে গিয়েছেন তিনি। বিজেপির জয়ী বিধায়ক সুময় হীরার কথায়, মানুষ যেহেতু আমাকে আশীর্বাদ করেছেন সেই মতো তাদের প্রত্যাশা পূরণ করব। মানুষের দাবি মেনে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাব। আর জয়ী হওয়ার পর দুই পদ্মপ্রার্থীর অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস ছিল উন্মাদনা ছিল তুঙ্গে। প্রতিটি জায়গায় কর্মীরা গেরুয়া আবির ও লাড্ডু খেয়ে সেলিব্রেশন করেন। চলছে মাইক বাজিয়ে উল্লাস।
  • Link to this news (বর্তমান)