সোনারপুর উত্তরে হাড্ডাহাড্ডি লড়াই, দক্ষিণে একতরফা ভোট পদ্ম শিবিরের
বর্তমান | ০৫ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সবার শেষে প্রার্থীর নাম ঘোষণা। সেই প্রার্থী প্রচারেও সেভাবে নজর কাড়েননি। ভোটের আগে এটাই ছিল বিজেপির পরিস্থিতি। তাই ভোটের আগেই গুঞ্জন ছিল, সোনারপুর উত্তরে তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগমকে হয়তো ওয়াকওভার দিয়ে দিল বিজেপি। ভোটের দিনেও তেমন কোনো আভাস পাওয়া যায়নি। মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে। কিন্তু সোমবার সকালে ইভিএম খুলতেই ঘুরে গেল হাওয়া। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই। কোনো রাউন্ডে এগিয়ে বিজেপি, আবার কোনো রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল। তবে দুই প্রার্থীর ব্যবধান কখনওই লাগামছাড়া হয়নি। দিনের শেষে বিজেপি প্রার্থী দেবাশিস ধর ধীরে ধীরে লিড বাড়াতে সক্ষম হন।
একটা সময় ছিল, যখন হাজারের সামান্য বেশি ভোটে এগিয়ে ছিলেন পদ্মপ্রার্থী। কয়েক রাউন্ড যেতে না যেতেই তা টপকে এগিয়ে যান ফিরদৌসি। ব্যবধান তখন পাঁচশোর আশপাশে। বেশ কিছু রাউন্ড এভাবেই সেয়ানে সেয়ানে চলে লড়াই। বিকালের পর জনাদেশ স্পষ্ট হয়ে যায়। লড়াই হয়ে পড়ে একপেশে। রাতে এই খবর লেখা পর্যন্ত প্রায় ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। সোনারপুর উত্তরে হাড্ডাহাড্ডি লড়াই হলেও একতরফা লড়াই দেখল সোনারপুর দক্ষিণ। বিজেপি শুরু থেকেই লিড বাড়িয়ে তৃণমূলকে পিছনে ফেলে দেয়। কোনো রাউন্ডে দেড় হাজার, কোনো রাউন্ডে তিন হাজার ব্যবধান বাড়ায় তারা। শেষে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রকে প্রায় ৩০ হাজারের বেশি ভোটে পিছনে ফেলে এগিয়ে যান বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। তৃণমূলের সাংগঠনিক দুর্বলতার কারণেই কি এই হার? উঠছে প্রশ্ন।