• বেহালার ২ কেন্দ্র থেকেই উড়ে গেল তৃণমূল!
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবিশ্বাস্য! এই একটা কথা ছাড়া আর ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না বেহালার দুই কেন্দ্রের ফলাফলের বিশ্লেষণে। বেহালায় নির্বাচনি প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন—‘বেহালা থেকে আমি কখনো খালি হাতে ফিরি না।’ সেই বেহালা থেকেই শূন্য জোড়াফুল শিবির! বেহালা পূর্ব কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট সাংসদ প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে ২৫,১৩৭টি ভোটে হারিয়ে কার্যত নাস্তানাবুদ করে দিলেন বিজেপির ‘বদলি’ প্রার্থী শংকর সিকদার। বেহালা পশ্চিমেও তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন বিজেপির যুব নেতা ডাঃ ইন্দ্রনীল খাঁ। লিড প্রায় ২৩ হাজার ভোটের। তৃণমূলের গড় বেহালায় পদ্মফুল ফুটল কোন সমীকরণে? আরএসএসের সংগঠনের আন্ডার-কারেন্টে ছিন্নভিন্ন হয়ে গেল তৃণমূলের দম্ভের বেহালা। 

    প্রথম, দ্বিতীয়, তৃতীয়—পরপর তিন রাউন্ড পর্যন্ত বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিলেন শুভাশিস ও রত্না। চতুর্থ রাউন্ড থেকেই পট-পরিবর্তন। বদলাতে থাকে চিত্রটা। পঞ্চম রাউন্ড শেষে ৬ হাজারের বেশি এগিয়ে যান বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শংকর সিকদার। মোট ২৩ রাউন্ডের গণনা শেষে পদ্ম প্রার্থী জয়ী হন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তীর প্রাপ্ত ভোট ৯০,৩৬৫টি ভোট। প্রায় ২২ হাজার ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী ডাক্তার নিলয় মজুমদার। উল্লেখ্য, এই কেন্দ্র থেকে সুনীল মহারাজকে প্রথমে প্রার্থী নির্বাচন করে বিজেপি। কিন্তু, পরে তা বাতিল করে শংকরকে ‘সাবস্টিটিউট’ প্লেয়ার হিসেবে নামায় দিল্লি। এলাকায় প্রচারে বিশেষ দেখা যায়নি তাঁকে। সময় কম পাওয়ায় সব এলাকায় ঘুরতেও পারেননি শংকর। তা সত্ত্বেও এই ফলাফল কীভাবে? তাজ্জব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শেষ হাসি হাসছে আরএসএস! চুপিসারে সংগঠনে জোর দেয় সংঘ। অগ্নিকুণ্ড তৈরিই ছিল। তাতেই ঘি ঢালেন বেহালা পূর্বের ভোটাররা। তৃণমূলের প্রতি ঢালাও বিদ্বেষ ভোটের ফলাফলে স্পষ্ট। এককালে এই কেন্দ্রকে তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়ের গড় বলে পরিচিত ছিল। সেই গ‌ড় ধুয়েমুছে সাফ হয়ে গেল ছাব্বিশের নির্বাচনে! 

    অন্যদিকে, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রেও গেরুয়া ঝড় অব্যাহত। চতুর্থ রাউন্ডের পর থেকেই এই বিধানসভার ট্রেন্ড স্পষ্ট হয়ে যায়। এই রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী ডাঃ ইন্দ্রনীল খাঁ এগিয়ে যান ৩ হাজারের বেশি ভোটে। রাত পর্যন্ত ২৩ রাউন্ডের শেষে সেই ব্যবধানে বেড়ে গিয়ে ২৫ হাজারে পৌঁছে যায়। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষাদুর্নীতিতে জর্জরিত সেই নাম। তার জেরেই কি বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী বদলেও লাভ হল না তৃণমূলের? উত্তর রাজনৈতিক পর্যালোচনাসাপেক্ষ। ট্রেন্ড স্পষ্ট হতেই বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা চালায় বিজেপির কর্মী-সমর্থকরা। তারাতলা মোড়ে আক্রান্ত হন রত্না।
  • Link to this news (বর্তমান)