• তারকেশ্বর-জাঙ্গিপাড়ায় গেরুয়া ঝড় তৃণমূলের একমাত্র সলতে ধনেখালি
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর ও জাঙ্গিপাড়া বিধানসভা আসন হাতছাড়া হল তৃণমূলের। তবে এই গেরুয়া ঝড়ের মধ্যেও ধনেখালিতে ঘাসফুলের পতাকাকে অক্ষত রাখতে পেরেছে তৃণমূল। তারকেশ্বরে ৩০ হাজার ৯৯৯ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সন্তু পান। তিনি পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়কে। তারকেশ্বর আসনে ১৫টি পঞ্চায়েতের মধ্যে ধনেখালি ব্লকের অধীনে রয়েছে পাঁচটি পঞ্চায়েত। সবকটিই ছিল তৃণমূলের শক্ত ঘাঁটি। এই পাঁচটি পঞ্চায়েত এলাকা থেকে গত লোকসভা বা বিধানসভা ভোটে তৃণমূল এগিয়েছিল ৭-৮ হাজার ভোটে। এবার সেই ব্যবধান অনেকটাই কমে যায়। বাকি ১০টি পঞ্চায়েতে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল। উলটে শহরাঞ্চলে বিজেপি টেক্কা দিয়েছে ঘাসফুল শিবিরকে। স্থানীয় মানুষের বক্তব্য, নেতাদের দুর্নীতি, দুর্ব্যবহারের ফল ভোগ করতে হল তৃণমূলকে। একারণেই হাতছাড়া হয়েছে তারকেশ্বর।

    জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বাগ। জাঙ্গিপাড়া বিধানসভা এলাকায় সংখ্যালঘু মানুষের সংখ্যা বেশি। ঘাসফুল শিবির ধরেই নিয়েছিল যে, ওই ভোট অনুকূলে এলেই জয় নিশ্চিত। শেষমেশ সেই আশায় জল ঢেলে দিয়েছে বিজেপি। তবে ধনেখালি আসনে তৃণমূল প্রার্থী অসীমা পাত্র ১৩ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন। 

    সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তার মোড়ে মোড়ে জমায়েত করতে শুরু করেন। তারকেশ্বর, হরিপাল, চন্দননগর ও সিঙ্গুর বিধানসভা এলাকা গেরুয়া আবিরে ভরে ওঠে। বৃষ্টি মাথায় নিয়েই বিজেপির কর্মী-সমর্থকরা বিজয় উল্লাস করতে থাকেন। 

    এদিকে, বিজেপির জয়ের খবর প্রকাশ্যে আসতেই তারকেশ্বর সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিসে গেরুয়া হামলার খবর পাওয়া যায়। উৎসাহী সমর্থকরা জয়ের আনন্দে লাড্ডুর পরিবর্তে ঝালমুড়ি বিতরণ করতে শুরু করেন। আরামবাগ লোকসভা কেন্দ্রের ছ’টি বিধানসভা আসনের মধ্যে তারকেশ্বর ও হরিপাল ছাড়া বাকি চারটিতেই ২০২১ সালে জয়লাভ করেছিল বিজেপি। এবার ছ’টি আসনই কবজা করে নিল বিজেপি।
  • Link to this news (বর্তমান)