• হুগলিতে গঙ্গার পাড় বরাবর তৃণমূলের ভোটব্যাংকে ধস, বিপুল জয় বিজেপির
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গঙ্গার পাড় ধরে হুগলিতে ধসে গেল তৃণমূল কংগ্রেসের সাবেক ক্ষমতার মিনার। ভাঙন কবলিত বলাগড় থেকে ত্রিবেণীর ধারের সপ্তগ্রাম, উত্তরপাড়া থেকে চুঁচুড়ার গঙ্গায় তলিয়ে গেল ঘাসফুল। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল গেরুয়া বাহিনীর দাপুটে ভোট মেশিনারির সামনে। অভিজাত উত্তরপাড়া শহরে হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে। বলাগড়ে বিপুল ব্যবধানে হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। চুঁচুড়া, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, শ্রীরামপুরে নতুন প্রার্থী দিয়েও গড় রক্ষায় ব্যর্থ হয়েছে তৃণমূল। এই ফলাফল নিয়ে রাজনৈতিক শিবিরে জোর চর্চা শুরু হয়েছে। বস্তুত, হুগলিতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকলেও তা গঙ্গাপাড়ের বিধানসভাগুলিতে ধস নামিয়ে দেওয়ার মতো ছিল না। তারপর যেভাবে গঙ্গাভাঙন হয় কার্যত সেই আদলে গঙ্গাপাড়ের বিধানসভাগুলিতে নিভেছে ঘাসফুলের বাতি।

    এবারের নির্বাচনে হেরেছেন চাঁপদানির প্রার্থী তথা হুগলি জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁইন। সেখানে বিজেপির দিলীপ সিং জিতেছেন। তিনি বলেন, আমরা ফলাফল পর্যালোচনা করব। একগুচ্ছ সামাজিক প্রকল্পের সুবিধা, ব্যাপক উন্নয়নের পরেও যেভাবে প্রার্থীরা হেরেছেন, তা বিশ্লেষণ করা দরকার। বিজেপি’র শ্রীরামপুরের জয়ী প্রার্থী তথা প্রবীণ নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, মোদিজির পরিবর্তনের ডাকে মানুষ সাড়া দিয়েছেন। তাতেই গঙ্গাপাড়ের জমি থেকে ঘাসফুল গঙ্গায় তলিয়ে গিয়েছে। 

    হুগলির উত্তরপাড়ায় প্রায় দশ হাজার ভোটে হেরেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। বরাবর ঘাসফুলের মজবুত জমি উত্তরপাড়া। তারপরে সেখানে সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো দাপুটে প্রার্থী ছিলেন। কিন্তু শেষ বিচারে উত্তরপাড়াতে বিজেপি’র প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী জিতে গিয়েছেন। উত্তরপাড়ার মতো নতুন মুখ তন্ময় ঘোষকে শ্রীরামপুরে প্রার্থী করেছিল তৃণমূল। গঙ্গাপাড়ের সেই জনপদেও হারের মুখ দেখতে হয়েছে ঘাসফুল শিবিরকে। হুগলিতে দলের নতুন মুখ ছিলেন পাণ্ডুয়ার ঘাসফুল প্রার্থী সমীর চক্রবর্তী (বুয়া)। একদা জায়ান্ট কিলার নেতাকে হারিয়ে দিয়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার। পাণ্ডুয়ার ফলাফল রাজনৈতিক মহলের কাছে অপ্রত্যাশিত হলেও গঙ্গাপাড়ের মাটি সেখানেও ধসে গিয়েছে। সপ্তগ্রামেও জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি।

    তৃণমূলের হুগলির ক্ষেত্রে নতুন মুখ ফুটবলার বিদেশ বসু’কে হারিয়ে দিয়েছেন একদা তৃণমূলের খেতমজুর নেতা এবারের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। আরেক দলবদলু নেত্রী সুমনা সরকার হুগলির গঙ্গাভাঙন কবলিত বলাগড়ে তৃণমূলকে গঙ্গায় সলিল সমাধি দিয়েছেন। প্রায় ৪১ হাজার ভোটে সুমনা, তৃণমূলের প্রার্থী তথা হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়াকে হারিয়ে দিয়েছেন। তৃণমূলের তারকা প্রচারক নবীন নেতা দেবাংশু ভট্টাচার্য গঙ্গাপাড়ের চুঁচুড়ায় হেরেছেন। সেখানে জিতেছেন বিজেপির সুবীর নাগ। সোমবারের পরে কার্যত গঙ্গামাটি থাকল কিন্তু গঙ্গাপাড়ে ঘাসফুল রইল না।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)