শেষ ৪ রাউন্ডে ইভিএম লুট করেছে বিজেপির গুন্ডারা, অভিযোগ মমতার
বর্তমান | ০৫ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ চার রাউন্ডের গণনায় বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ তুললেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্র্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ফোনালাপে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে মমতা। তিনি বলেন, ‘১৬ তম রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিলাম। ৪ রাউন্ড বাকি ছিল। সেখানে আমাদের আরও ২০ থেকে ২৫ হাজার ভোটে ব্যবধান বেড়ে যাওয়ার কথা। ওই চারটে রাউন্ডে ৭৩ ও ৮২ নম্বর ওয়ার্ডে আমাদের ভোট রয়েছে। সেই সময়ে সব গুন্ডাদের নিয়ে গণনাকেন্দ্রে ঢুকেছে বিজেপি। আমাকে মেরেছে। সিআরপিএফের সাহায্য নিয়ে ইভিএম মেশিন লুট করে নিয়ে চলে গিয়েছে। অমানবিক অত্যাচার করা হয়েছে। জোর করে মেশিন লুঠ করা হয়েছে।’ বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকাকেও নিশানা করেছেন মমতা। তাঁর বক্তব্য, ‘ইলেকশন কমিশন নোংরা গেম খেলেছে। এটা জেতা নয়। এটা অনৈতিকতা। আমাদের কাছে সব প্রমাণ আছে। আমরা চ্যালেঞ্জ করব। রিটার্নিং অফিসারকে অভিযোগপত্র দিয়েছি।’ উল্লেখ্য, আজ, মঙ্গলবার তৃণমূলের তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। কালীঘাটে সেই সাংবাদিক বৈঠক থেকে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী। সার্বিকভাবে ভোটের ফলাফল নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনা নিয়ে বিজেপিকে নিশানা করতে পারেন মমতা।