বিজেপির প্রার্থীতালিকায় তাঁর নাম দেখেই শুরু হয়েছিল আলোচনা। একেবারে প্রান্তিক শ্রেণি বলতে যা বোঝানো হয়, সেই শ্রেণির প্রতিনিধি তিনি। প্রচারে নজর কেড়েছিলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজি। ভোটগণনার দিন শেষ হাসি তিনিই হাসলেন। ২০২৬ সালের নির্বাচনে আউশগ্রাম আসনে ১২৫৩৫ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শ্যামা প্রসন্ন লোহারকে হারালেন কলিতা মাজি। আর জয়ের পরেই ধন্যবাদ জানালেন আউশগ্রামের বাসিন্দাদের। তিনি বললেন, ‘এটা আউশগ্রামবাসীর জয়। এটা আমার একার জয় না।’
বিজেপি প্রার্থী হওয়ার আগে পেশায় গৃহ পরিচারিকা ছিলেন তিনি। আউশগ্রামে জেতার পরে তিনি বললেন, ‘আমি জিতেছি,অনেক কাজ রয়েছে।’ কী কী কাজ বাকি রয়েছে, সেটাও জানালেন। গুসকরা স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশার কথা জানিয়েছেন তিনি। সদ্য জয়ী কলিতা মাজি বললেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা আছে। দমকল কেন্দ্র লাগবে। রাস্তাঘাটের সমস্যা রয়েছে। এখানে পানীয় জলের সমস্যা আছে।’ সেই কাজগুলি সবার আগে করার ইচ্ছে রয়েছে বলে জানালেন তিনি।
২০২১ সালেও তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু সে বার তিনি জিততে পারেননি। এ বার জয় এসেছে। কলিতা মাজির জবাব, ‘দল আমার উপর ভরসা রেখেছিল, আমি সম্মান ফেরাতে পেরেছি।’