রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে জিতলেন বিজেপির পীযূষ কানোরিয়া। ৩১৬ ভোটে হারলেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। মঙ্গলবার দফায় দফায় পুনর্গণনা শেষে জয়ী হলেন বিজেপির প্রার্থী। এই কেন্দ্র জেতার পরে ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয়ী হলো বিজেপি। তৃণমূল পেল ৮০টি।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সোমবারই পেয়ে গিয়েছিল গেরুয়া শিবির। বার বার রি-কাউন্টিংয়ের দাবির জন্য আটকে ছিল একমাত্র রাজারহাট নিউ টাউন কেন্দ্রটি। মঙ্গলবার দুপুর গড়িয়ে এই কেন্দ্রের ফলাফল সামনে এল। মার্জিন খুবই সামান্য, তবে জিতল বিজেপিই।
সোমবার গণনা চলাকালীনই পুনর্গণনার দাবি তুলেছিলেন বিজেপির প্রার্থী। সেই মতো রি-কাউন্ট হয়। নিয়ম মেনে প্রথমে পোস্টাল ব্যালট, পরে ইভিএম কাউন্ট শুরু হয়। মঙ্গলবার পুনর্গণনা চান তাপস চট্টোপাধ্যায়। ১৮ রাউন্ড গণনা শেষে পীযূষের প্রাপ্ত ভোট ১০৬৫৬৪। তাপস পান ১০৬২৪৮।
২০১১ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সব্যসাচী দত্ত। তাপস চট্টোপাধ্যায় তখন সিপিএমে। সব্যসাচীর কাছে হেরেছিলেন তিনি। ২০১৬ সালেও এখানে সব্যসাচী জেতেন। তাপস তৃণমূলে যোগ দিলে ২০২১ সালে এই কেন্দ্র থেকে জোড়াফুলের টিকিট পান তিনি, জেতেন। তবে এ বার জয় ছিনিয়ে নিল বিজেপি।