তামিলনাড়ুর নির্বাচনে বাজিমাত করলেন TVK-র দুই মহিলা প্রার্থী। এম আর পল্লবী (৩৬) এবং জে কামাক্ষী (৪৪) মহিলা প্রার্থী হিসেবে জয়ের মুখ দেখেছেন চেন্নাইয়ে। তিরু ভি কা নগর কেন্দ্র থেকে ২২,৩৩৩ ভোটে জয়ী হয়েছেন পল্লবী। কামাক্ষী জয়ী হয়েছেন পল্লভরম কেন্দ্র থেকে ৫৪,৬৯৩ ভোটের ব্যবধানে। দুই মহিলা প্রার্থীই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
চেন্নাইয়ে মোট ৫৩ জন মহিলা প্রার্থী দাঁড়িয়েছিলেন ভোটে। যার মধ্যে ৩৩ জন রাজনৈতিক দলের এবং ২০ জন নির্দল প্রার্থী ছিলেন। তার মধ্যে ডিএমকে (DMK) ২ জন, এআইএডিএমকে (AIADMK) ৩ জন, বিজেপি (BJP) ১ জন এবং এনটিকে (NTK) ১২ জন মহিলাকে প্রার্থী করেছিল।
আট মাসের অন্তঃসত্ত্বা পল্লবীর জেদ ও লড়াই ভোটারদের মন জয় করে নিয়েছে। তীব্র গরমের মধ্যেও তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়েছেন। TVK-র যুব সম্পাদক জে কার্তিক জানিয়েছেন, প্রচারের সময়ে পল্লবী ডিহাইড্রেশনের কারণে একবার জ্ঞান হারিয়েছিলেন। ভোটাররা তাঁকে বাড়িতে বিশ্রাম নিতে বললেও তিনি দমেননি। জয়ের পরে পল্লবী জানিয়েছেন, তাঁর নির্বাচনী এলাকা পিছিয়ে পড়া। তাই তিনি মানুষের সেবায় কাজ শুরু করতে চান। অন্যদিকে বড় ব্যবধানে জিতে নজর কেড়েছেন জে কামাক্ষীও।
চেন্নাইয়ের এই লড়াইয়ে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজন পরাজিত হয়েছেন। এ ছাড়াও, হেরে গিয়েছেন প্রাক্তন দুই মন্ত্রী AIADMK-র গোকুলা ইন্দিরা এবং বি বলরামতি। এমনকী DMK-র দুই চিকিৎসক প্রার্থী এ পি পূর্ণিমা এবং আর এস কৃথিকা দেবীও জয়ের মুখ দেখেননি। BSP নেতা আর্মস্ট্রংয়ের স্ত্রী আইনজীবী পোরকোডি আর্মস্ট্রংও হেরে গিয়েছেন তামিলনাড়ুর নির্বাচনে।
পরাজয় স্বীকার করে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজন জয়ীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, এই ভোট আসলে ‘বিজয় ঢেউ’ এবং DMK-র বিরুদ্ধে ক্ষোভের প্রতিফলন। তিনি স্পষ্ট করে আরও জানিয়েছেন, ভোটে হারলেও জনসেবা চালিয়ে যাবেন।