সমাজমাধ্যমে নজর কলকাতা পুলিশের, কড়া পদক্ষেপের বার্তা
দৈনিক স্টেটসম্যান | ০৬ মে ২০২৬
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিভিন্ন স্থানে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ বিশেষভাবে সমাজমাধ্যমের উপর নজরদারি বাড়িয়েছে। ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে সমাজমাধ্যমে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, ফল ঘোষণার পর অনেক বিভ্রান্তিকর পোস্ট ঘুরছে, যেখানে অন্য জায়গার ছবি বা ভিডিও কলকাতার বলে প্রচার করা হচ্ছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই ধরনের মিথ্যা প্রচারের উপর কড়া নজর রাখা হচ্ছে এবং যারা ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এমন কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানিয়েছে, বর্তমানে কলকাতার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ নাগরিকদের উদ্দেশে আবেদন করা হয়েছে, কোনও খবর যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার না করতে। দায়িত্বশীল আচরণ বজায় রাখার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাজ্যের ২৯৩টি আসনের গণনা সম্পন্ন হয়েছে। তার মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করেছে এবং তৃণমূল পেয়েছে ৮০টি আসন। একটি আসনের ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এই ফলাফলের ভিত্তিতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে।
তবে ফল ঘোষণার পর থেকেই শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় হিংসার অভিযোগ উঠছে। বেশ কিছু জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর বা দখলের অভিযোগ এসেছে। কলকাতার কিছু এলাকাতেও মারধর ও ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। শহরের শান্তি বজায় রাখতে এবং গুজব রুখতে পুলিশ এই সতর্কবার্তা জারি করেছে।