নথি নষ্টের আশঙ্কা, দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়ে মুখ্যসচিবকে চিঠি রাজু বিস্তার
দৈনিক স্টেটসম্যান | ০৬ মে ২০২৬
পাহাড়ে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। তবে এই রাজনৈতিক পরিস্থিতির মাঝেও কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক পুরসভার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি নষ্ট করে ফেলার আশঙ্কা প্রকাশ করেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। এই আশঙ্কায় রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে জরুরি চিঠি লিখেছেন তিনি। সোমবার পাঠানো এই চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সরকার কর্তৃক নিযুক্ত কেয়ারটেকার বা তদারকি প্রশাসকরা দুর্নীতির তথ্য আড়াল করতে নথিপত্র সরিয়ে ফেলতে পারেন। তাই দ্রুত পদক্ষেপের আবেদন করেছেন সাংসদ।
সাংসদ তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, গতকাল থেকে তিনি বিভিন্ন নাগরিক ও সংগঠনের কাছ থেকে একাধিক অভিযোগ পেয়েছেন। তাঁদের আশঙ্কা, এই তিন পুরসভায় গত কয়েক বছরে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তার প্রমাণ মুছে ফেলতে তৎপর হয়েছে বর্তমান তদারকি কর্তৃপক্ষ। রাজু বিস্তার অভিযোগ, ২০২২ সাল থেকে এই তিনটি পুরসভায় কোনও নির্বাচন হয়নি। তৃণমূল সরকার বেআইনিভাবে নিজেদের পছন্দের ব্যক্তিদের তদারকি চেয়ারপার্সন বা প্রশাসক হিসেবে বসিয়ে রেখেছে। এই ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি তহবিল ও সম্পত্তির অপব্যবহার এবং মারাত্মক অনিয়মের অভিযোগ রয়েছে।
মুখ্যসচিবের কাছে সাংসদের আবেদন, অবিলম্বে যেন কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক পুরসভার সমস্ত এগজিকিউটিভ অফিসারদের নির্দেশ দেওয়া হয় যাতে প্রতিটি নথি সুরক্ষিত রাখা হয়। কোনোভাবেই যেন কোনও ফাইল বা নথিপত্র পুরসভা কার্যালয়ের বাইরে নিয়ে যেতে দেওয়া না হয়।
সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি একটি দুর্নীতিমুক্ত সরকার নিশ্চিত করবে। যারা জনগণের অর্থ লুটের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। চিঠির অনুলিপি দার্জিলিং ও কালিম্পংয়ের জেলাশাসকদের কাছেও পাঠানো হয়েছে যাতে স্থানীয় স্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।’ পাহাড়ের বিধানসভা নির্বাচনে বিজেপি জোটের বিপুল জয়ের পর এই পুরসভাগুলোর প্রশাসনিক ভবিষ্যৎ এবং বকেয়া নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাজু বিস্তার এই চিঠি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।