• BSF সদর দপ্তরের বাইরে স্কুটারে বিস্ফোরণ, তীব্র আতঙ্ক এলাকায়
    এই সময় | ০৬ মে ২০২৬
  • মঙ্গলবার সন্ধ্যায় পাঞ্জাবের জলন্ধরে BSF চকের কাছে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারে আচমকা বিস্ফোরণ ঘটেছে। যার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, BSF সদর দপ্তরের একেবারে কাছে, বলা যেতে পারে ঠিক বাইরেই এই ঘটনা ঘটেছে। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিমেষের মধ্যে স্কুটারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। তড়িঘড়ি গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কালবিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ইতিমধ্যে স্কুটারটির মালিককে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

    জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কওর রনধাওয়া জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে কোনও বড় মাপের ষড়যন্ত্র বা নাশকতার ছক ছিল না। পুলিশ কমিশনার বলেন, ‘ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে BSF-এর একটি বিশেষ দল আমাদের ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে যৌথ ভাবে কাজ করছে। স্কুটারের মালিককে চিহ্নিত করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)