• ইস্তফায় নারাজ মমতা! তিনি পদত্যাগ না করলে কী হবে?
    এই সময় | ০৬ মে ২০২৬
  • সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। অবসান ঘটেছে তাদের ১৫ বছরের শাসনের। ২০০-র বেশ আসনে জিতে রাজ্যে পরবর্তী সরকার গঠন করতে তৈরি BJP। কিন্তু তারা কি আদৌ সরকার গঠন করতে পারবে? ফলাফল প্রকাশের পরেও যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়।

    মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেছেন, ‘আমরা তো হারিনি’। তাঁর দাবি, জনগণের রায়ে নয়, BJP এবং নির্বাচন কমিশনের ষড়যন্ত্রের ফলে এই ফলাফল হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন, মুখ্যমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে কী হবে? কোনও সাংবিধানিক সঙ্কট হবে কি? BJP-র সরকার গঠনের পথে কি কোনও বাধা তৈরি হবে?

    সংবিধান ও আইন বিশেষজ্ঞদের মতে, আগামী ৭ মে, বৃহস্পতিবার, রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফলে, ওই দিনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়–সহ বর্তমান বিধানসভার কোনও সদস্যই আর বিধায়ক পদে থাকবেন না। তাই তাঁর পদত্যাগ করা বা না করায় প্রশাসনিক ভাবে কিছু যায় আসে না। নবগঠিত বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সরকার গড়বে BJP।

    অভিজ্ঞ আইনজীবীরা জানাচ্ছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, রাজ্যের বিস্তারিত ফলাফল রাজ্যপালের কাছে পাঠাবে কমিশন। সেই রিপোর্টে বিজয়ী BJP বিধায়কদের সংখ্যা এবং সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি স্পষ্ট ভাবে উল্লেখ থাকবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে BJP-কে সরকার গড়ার জন্য ডাকবেন রাজ্যপাল।

    আর নিয়ম অনুযায়ী নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলেও কোনও সাংবিধানিক সঙ্কট তৈরি হবে না।

    সোমবার ফলপ্রকাশের পরেই নয়াদিল্লির BJP সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছেন, আগামী ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর দিন পশ্চিমবঙ্গে নতুন BJP সরকার শপথ গ্রহণ করবে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলেও নির্দিষ্ট দিনই শপথ গ্রহণে বাধা থাকবে না BJP-র।

  • Link to this news (এই সময়)