• ফের অস্বস্তিকর গরম বঙ্গে, কালবৈশাখীর দাপটে কি ফিরবে স্বস্তি?
    এই সময় | ০৬ মে ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরে এ বার আবহাওয়ারও ভোল বদল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার তীব্র গরমে অস্বস্তিতে পড়তে পারেন রাজ্যবাসী। ওডিশা ও মধ্যপ্রদেশে দু'টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এ ছাড়াও, ছত্তিসগড় থেকে মণিপুর পর্যন্তও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে। সেই কারণেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে রাজ্য জুড়ে।

    বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সারাদিন আকাশ কখনও পরিষ্কার আবার কখনও আংশিক মেঘলা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তেজ। যার জেরে রবিবার পর্যন্ত অস্বস্তিকর গরমে নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে। আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

    বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বৃষ্টি হলেও বজায় থাকবে গরম এবং অস্বস্তি।

    উত্তরবঙ্গের সব জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

  • Link to this news (এই সময়)