• সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি-সহ ৫! চরম আতঙ্ক শাহজাহানের গড়ে
    প্রতিদিন | ০৬ মে ২০২৬
  • সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ থানার ওসি! আরও এক পুলিশকর্মীও গুলিতে জখম। গতকাল, মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাজাটে। ঘটনা ঘিরে প্রবল আলোড়ন ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। ৪ তারিখ ভোটের ফল প্রকাশিত হয়েছে। তার পরদিনই রাতে এই ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বসিরহাটের ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ চলছিল বলে অভিযোগ। সেই ঘটনা শুনে রাতেই ওই এলাকায় পৌঁছয় ন্যাজাট থানার ওসি ও পুলিশকর্মীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, দু’পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি, গুলির লড়াই চলতে থাকে। সেই সংঘর্ষের মধ্যেই পুলিশকর্মীরা পড়ে গিয়েছিলেন।

    গুলিবিদ্ধ হন ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকায়েত। তাঁর হাতে গুলি লেগেছে বলে খবর। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন রাজবাড়ি ফাঁড়ির কর্মী ভাস্বত গোস্বামী, একজন মহিলা পুলিশ কনস্টেবল ও দু’জন সিআরপিএফ জওয়ান! তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় যায়। গভীর রাতে পরিস্থিতি আয়ত্তে আসে। ওই এলাকা শেখ শাহজাহানের গড় বলেই পরিচিত একসময়। ওই এলাকায় এখনও তৃণমূলের প্রভাব রয়েছে বলে খবর। তবে ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আজ, বুধবার ভোরবেলা থেকেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ঘুরছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় ছড়িয়েছিটিয়ে আছে গুলির খোল। সেসব উদ্ধার করা হয়েছে। 

     
  • Link to this news (প্রতিদিন)