• ইস্তফা বিজয়নের, পদত্যাগ স্ট্যালিনেরও! উধাও সরকারি গাড়ি-নিরাপত্তার বেষ্টনী
    বর্তমান | ০৬ মে ২০২৬
  • তিরুবনন্তপুরম ও চেন্নাই: গোটা দেশে বাম দুর্গরক্ষার ‘একা কুম্ভ’ ছিলেন তিনি। যদিও কেরলের সেই শেষ দুর্গও ভূলন্ঠিত। বিধানসভা নির্বাচনে পরাজয়ের একদিন পরে মঙ্গলবার কান্নুর থেকে বিমানে তিরুবনন্তপুরমে এলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদ মাধ্যমের দিকে সামান্য হাত নাড়লেন। মুখে স্মিত হাসি। এরপর রওনা হয়ে গেলেন সরকারি বাসভবন ক্লিফ হাউসের উদ্দেশে। তবে সরকারি গাড়ি নয়, বিদায়ী মুখ্যমন্ত্রী সওয়ার হলেন প্রাইভেট গাড়িতে। উধাও চেনা নিরাপত্তা বলয়ও। প্রবীণ এই বাম নেতার গাড়ির সঙ্গে ছুটল পুলিশের একটি মাত্র পাইলট জিপ। নেই চেনা কমান্ডো কভার, বিশাল কনভয়ও। কেরলের মুখ্যমন্ত্রী পদ থেকে বিজয়নের ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। রাজভবন সূত্রে খবর, কংগ্রেসের নেতৃত্বাধীন বিজয়ী ইউডিএফ শিবিরের সরকার যতক্ষণ না গঠিত হচ্ছে, বিজয়নকে প্রশাসনিক দায়িত্বভার চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন রাজ্যপাল।

    কেরলের মতোই ক্ষমতায় বদল হয়েছে দক্ষিণের আরও এক রাজ্য তামিলনাড়ুতে। বিজয়ের নেতৃত্বাধীন টিভিকের কাছে নির্বাচনী ভরাডুবির জেরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। রাজভবন সূত্রে খবর, ইস্তফাপত্র গ্রহণ করে রাজ্যপাল তাঁকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলানোর অনুরোধ করেছেন। অন্যদিকে, পুদুচেরিতে পঞ্চমবারের জন্য কুর্সিতে বসছেন মিতভাষী নেতা তথা এআইএনআরসি প্রধান এন রঙ্গস্বামী। তাঁর নেতৃত্বের নির্বাচনে বড়ো জয় পেয়েছে এনডিএ শিবির।  
  • Link to this news (বর্তমান)