গুয়াহাটি: পরপর তিনবার। অসমে জয়ের হ্যাটট্রিক বিজেপির। এবার রাজ্যে ৪.৬ শতাংশ ভোট বেড়েছে পদ্মশিবিরের। আর এর হাত ধরে ২০২১ সালের তুলনায় এবার ২২টি বাড়তি বিধানসভা আসনে জয়ী হয়েছে দল। তারা জিতেছে মোট ৮২টি আসন। অন্যদিকে, বিরোধী দল কংগ্রেসের ভোট সামান্য বাড়লেও (০.১৭ শতাংশ) আসন সংখ্যা ১০টি কমে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য মিলেছে।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবার অসমে তাদের সর্বকালীন সেরা ফল করেছে। রাজ্যের ১২৬টি আসনের মধ্যে ১০২টিতেই জয়ী হয়েছে ক্ষমতাসীন জোট। কমিশনের তথ্য বলছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মোট প্রদত্ত ভোটের ৩৭.৮১ শতাংশ পেয়ে ৮২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। পাঁচ বছর আগে ২০২১ সালে তারা পেয়েছিল ৬০ আসন। প্রাপ্ত ভোটের হার ছিল ৩৩.২১ শতাংশ। অসমে এবার বিজেপির শরিক অসম গণপরিষদের প্রাপ্ত ভোট গতবারের ৭.৯১ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৪৭ শতাংশ। যদিও তাদের আসন সংখ্যা এবার একটি বেড়ে হয়েছে ১০টি। অপর শরিক বোরোল্যান্ড পিপল’স ফ্রন্ট ৩.৭৩ শতাংশ ভোট পেয়ে ১০টি আসন জিতেছে।
কংগ্রেস গতবার ২৯.৬৭ শতাংশ ভোট পেয়ে ২৯টি আসনে জয়ী হয়েছিল। এবার তাদের ভোটপ্রাপ্তি সামান্য বেড়ে হয়েছে ২৯.৮৪ শতাংশ। যদিও আসন সংখ্যা ১০টি কমে হয়েছে ১৯টি। আবার কংগ্রেসের জয়ী এই ১৯ বিধায়কের মধ্যে ১৮ জনই হলেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। হাত শিবির এবার ২০টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছিল। তার মধ্যে ১৮ জনই জয়ী হয়েছেন। ৭৯টি আসনে কংগ্রেস অ-মুসলিম প্রার্থী দিলেও তাঁদের মধ্যে জয়ী হয়েছেন মাত্র একজন। আবার দক্ষিণের রাজ্য কেরলে ১৪০ বিধানসভা আসনের মধ্যে ৩৫ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোটের। পৃথকভাবে কংগ্রেসের টিকিটে জিতেছেন ৮ মুসলিম প্রার্থী। কংগ্রেসের শরিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) ২২ জন প্রার্থী জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গেও কংগ্রেস দু’টি আসনে জয়ী হয়েছেন। জয়ী দুই প্রার্থীই সংখ্যালঘু। তামিলনাড়ুতে কংগ্রেস দু’টি আসনে সংখ্যালঘু প্রার্থী দিয়েছিল। তাঁদের মধ্যে একজন জয়ী হয়েছেন।