আমেরিকা-ব্রিটেন থেকে পাকিস্তান, বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে বিজেপির বঙ্গবিজয়
বর্তমান | ০৬ মে ২০২৬
নয়াদিল্লি: বঙ্গে গেরুয়া ঝড়। সোমবার দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। মঙ্গলবার বিশ্বের প্রথম সারির প্রতিটি সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে বাংলার পালাবদল। পাশাপাশি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ুতে সুপারস্টার থালাপতি বিজয়ের উত্থানকেও।
সংবাদমাধ্যম বিবিসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে শিরোনাম করেছে, ‘ভারতের সবচেয়ে কঠিন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র বাংলায় জয় মোদির বিজেপির’। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলেছে, ‘এই জয় গত ১২ বছরে মোদির সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন।’ আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলার ভোটের ফল। তাদের শিরোনাম, ‘পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম জয়।’ তারা লিখেছে, ‘এই পালাবদল ভারতের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া বিরোধীদের উপর আরও এক হতাশাজনক আঘাত।’ মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে, ‘ভারতের বিরোধী দলের অন্যতম দূর্গ দখল করল মোদির হিন্দু জাতীয়তাবাদীরা।’ এই জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে সংবাদমাধ্যমটি। অন্যদিকে তামিলভূমে পালাবদল নিয়ে তারা লিখেছে, ‘তামিলনাড়ুর ফল অন্যতম বড় চমক। অভিনেতা বিজয়ের দল দক্ষিণের রাজ্যের দুই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে হারিয়ে দিয়েছে।’ আর এক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট লিখেছে, ‘তৃতীয় মেয়াদে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করলেন নরেন্দ্র মোদি।’
পাশাপাশি এই সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে কেরলের বামদূর্গের পতনও। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের দুটি প্রথম শ্রেণির সংবাদমাধ্যম, দ্য ডন ও ঢাকা ট্রিবিউন সংবাদসংস্থা এএফপির একটি প্রতিবেদন ছেপেছে। সেখানে বলা হয়েছে, ‘২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে বেকারত্ব, বিদেশনীতি, অর্থনীতি সহ একাধিক চ্যালেঞ্জ থাকলেও, আগের থেকে শক্তিশালী হল বিজেপি।’