তেঁতুলবাড়িতে ড্রেনের কাজে রাস্তা খুঁড়ে রাখায় দুর্ভোগ
বর্তমান | ০৬ মে ২০২৬
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ড্রেনের কাজের জন্য রাস্তা খুঁড়ে রাখায় দুর্ভোগে বাসিন্দারা। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে ওই কাজ। এজন্য পাড়ায় অ্যাম্বুলেন্স ও দমকল ঢুকতে পারছে না। দু’মাস ধরে ঠিকাদারের দেখা নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’মাস আগে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তেঁতুলবাড়ি এলাকায় পাড়ায় সমাধান প্রকল্পে ৩ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দে ৬০ মিটার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদারের বিরুদ্ধে সিডিউল মেনে কাজ না করার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। সেই থেকে কাজ বন্ধ রয়েছে। রাস্তার মাঝে গর্ত হয়ে আছে। পাড়ার যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বাসিন্দারা। বেহাল রাস্তার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় মানুষকে। বিশেষ করে বয়স্ক,অসুস্থ ও শিশুদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
বাসিন্দাদের অভিযোগ, ব্লক প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এতে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দা সাজিদ হাসান বলেন, দুই মাস ধরে রাস্তা খোঁড়া অবস্থায় রয়েছে। ড্রেনের কাজ অসম্পূর্ণ অবস্থায় আছে। চলাচলে চরম সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে পাড়ার বাসিন্দারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। গর্তে জল জমে রয়েছে। মশা মাছির উপদ্রব বাড়ছে। ব্লক প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। এখনও পর্যন্ত সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি ব্লক প্রশাসন। সম্প্রতি এক গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সে তোলা সম্ভব হয়নি। খারাপ রাস্তার কারণে কোনো যানবাহন এলাকায় ঢুকতে না পারায় তাঁকে কোলে করে প্রধান সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়।
ঠিকাদার সুভান আলি বলেন, সিডিউল মেনে কাজ চলছিল। পাড়ার একাংশ বাসিন্দা নিজেদের ইচ্ছামতো কাজ করাতে চাইছেন। তাই কাজ বন্ধ করে দিয়েছি। ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়েছি। হরিশ্চন্দ্রপুর-১ বিডিও শানু বক্সি বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।