\সংবাদদাতা, বালুরঘাট: বিজেপি জয়ের আনন্দে অভিনব পদক্ষেপ বালুরঘাট শহরের ডালপুরি এবং চা বিক্রেতার। সত্যজিৎ মঞ্চের কাছে বিনামূল্যে চা খাওয়ালেন দরিদ্র চা বিক্রেতা বিশু সরকার। সকাল থেকেই দোকানের সামনে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে বিজেপির জয়ের আনন্দে মেতেছেন। তার সঙ্গে নিজে চা বানিয়ে সবাইকেই খাইয়েছেন তিনি। এদিকে, রঘুনাথপুর ট্যাংক মোড়ের পাশে বিনামূল্যে ডালপুরি খাওয়াচ্ছেন দোকানদার উত্তম সরকার। তাঁর ঘোষণা, তিনদিন বিনামূল্যে এই ডালপুরি খাওয়াবেন।
সত্যজিৎ মঞ্চের কাছে চায়ের দোকান মলয় সরকারের। ডাকনাম বিশু। ভালো করে কথা বলতে পারেন না। বাড়ি পাড়া এলাকায়। চায়ের দোকান করেই সংসার চালান। নরেন্দ্র মোদির ভক্ত বিশু। তাই ২০১৯ সাল থেকেই লোকসভা নির্বাচনের পর এভাবে বিনামূল্যে চা খাওয়ান তিনি। রাম মন্দির প্রতিষ্ঠার সময়েও বিনামূল্যে সকলকে চা খাইয়েছিলেন। এবার রাজ্যে পালাবদলের পর খুশিতে তিনি সকাল থেকেই চা খাওয়াচ্ছেন। বললেন, আমি নরেন্দ্র মোদির ভক্ত। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে বলে বিনামূল্যে চা খাওয়াচ্ছি। ট্যাংক মোড়ের কাছে প্রতিদিন সকালে ডালপুরি বিক্রি করেন উত্তম। বাড়ি বালুরঘাটের মিলন সংঘ এলাকায়। তিনি ডালপুরি বিক্রি করেই সংসার চালান। তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে ডালপুরি খাওয়াবেন। সোমবার বিজেপি ক্ষমতায় আসতেই মঙ্গলবার থেকে ডালপুরি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিন সকালেই দোকানের সামনে ফ্লেক্স লাগিয়ে তিনদিন বিনামূল্যে ডালপুরি খাওয়ানোর ঘোষণা করেছিলেন। তারপর থেকে দোকানে সাধারণ মানুষের লম্বা লাইন পড়ে। উত্তম বলেন, দীর্ঘদিনের বাসনা ছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক। সেই ইচ্ছে পূরণ হয়েছে। তাই বিনামূল্যে সবাইকে তিনদিন ডালপুরি খাওয়াব। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত। বলেন, মানুষের মধ্যে এতটাই আনন্দ যে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। দলীয়ভাবে আমরা ওই দুই ব্যবসায়ীকে সাহায্য করিনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির জয়ের উল্লাসে মেতেছেন। বৃদ্ধ এই দুই বিক্রেতাকে সাধুবাদ।