সংবাদদাতা, শিলিগুড়ি: রাজ্যে ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক পালাবদলের আবহে শিলিগুড়িতে মিনি সচিবালয় উত্তরকন্যাকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা এলাকায় তৈরি উত্তরকন্যার নীল-সাদা রং বদলে গেরুয়া করার দাবিতে সরব হলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা আসনে জয় ও রাজ্যে ক্ষমতায় আসার উচ্ছ্বাসে সোমবার বিকেল থেকেই ফুলবাড়ি এলাকায় বিজেপি কর্মীরা মিছিল ও বিজয় উৎসবে মেতে উঠেছেন। মঙ্গলবার উত্তরকন্যার সামনে জড়ো হয়ে তাঁরা উল্লাস প্রকাশ করেন এবং জোরালো স্লোগান তোলেন। বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হয়েছে। নতুন সরকারের অধীনে উত্তরবঙ্গের উন্নয়নের নতুন দিশা খুলবে এবং সেই কাজের কেন্দ্র হবে উত্তরকন্যা।
বিজেপি সমর্থকদের একাংশের বক্তব্য, উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভার উন্নয়নমূলক পরিকল্পনা ও বাস্তবায়ন এই প্রশাসনিক ভবন থেকেই হওয়া উচিত। সেই প্রেক্ষিতেই উত্তরকন্যার বর্তমান নীল-সাদা রং বদলে গেরুয়া করার দাবি তোলা হয়। এদিন উত্তরকন্যার সামনে রাস্তার রেলিংয়ে দলীয় পতাকাও লাগানো হয়।
বিজেপির ফুলবাড়ি মণ্ডল সভাপতি রাজীব সাহা বলেন, উত্তরবঙ্গের মানুষের সুবিধার জন্যই উত্তরকন্যা তৈরি হলেও এতদিন সেই উদ্দেশ্য পূরণ হয়নি। নানা অনিয়ম চলেছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। এবার এই প্রশাসনিক ভবনকে তার মূল উদ্দেশ্যে কাজে লাগানো হবে।
অন্যদিকে, বিজেপির সংখ্যালঘু সেলের জলপাইগুড়ি জেলা সহ সভাপতি মতিয়ার রহমান অভিযোগ করেন, ফুলবাড়ি দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে পণ্য রপ্তানিতে চলাচলকারি ট্রাককে ঘিরে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল, যেখানে অবৈধভাবে টাকা আদায় করা হয়েছে এতদিন। এই অনিয়মের সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করতে ট্রাক মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে ভবিষ্যতে ট্রাক চলাচল স্বচ্ছভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়াও, ফুলবাড়ি এলাকায় সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার দাবি তুলেছেন বিজেপি কর্মীরা। সেই মতো ফুলবাড়ির রাজীবনগরে একটি সরকারি জমি দখলমুক্ত করে বিজেপি কর্মীরা এদিন দলীয় পতাকা লাগিয়ে দেন। তাঁদের দাবি, দীর্ঘদিনের অনিয়ম ও জুলুম বন্ধ করে এলাকায় নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।