• বাতাসিতে রাস্তার ধারে পড়ে বহু জমির দলিল-খতিয়ান, চাঞ্চল্য
    বর্তমান | ০৬ মে ২০২৬
  • সংবাদদাতা, নকশালবাড়ি: ভোটের ফলাফলের পরের দিনে মঙ্গলবার খড়িবাড়ির বাতাসিতে শতাধিক জমির নথিপত্র উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। এদিন ওই এলাকার দুর্গামন্দির সংলগ্ন ৩২৭ নম্বর জাতীয় সড়কের পাশে জমির সরকারি নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে খড়িবাড়ি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। যদিও পরে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ পৌঁছে নথিপত্র উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। 

    স্থানীয় এক বাসিন্দা শুভঙ্কর দাস বলেন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি সহ কয়েকজন রাস্তার পাশে কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে ওসব হাতে তুলে নিয়ে দেখি জমির নথিপত্র। কে বা কারা ইচ্ছে করে ওসব নথিপত্র ফেলে দিয়ে গিয়েছে। দেখেছি বিভিন্ন এলাকার শতাধিক জমির দলিল, খতিয়ানের ফটোকপি। এসব নথি তৈরি করতে হলে অনেক টাকার প্রয়োজন। কেউ ইচ্ছে করে ফেলতে পারে না। আরএক বাসিন্দা সুদেব বসু বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এসব জাল দলিল। জমি কেনাচবেচার ক্ষেত্রে এসব দেখিয়ে কেলেঙ্কারি করা হয়ে থাকতে পারে। রাজ্যে সরকার পালাবদলের জেরে ওই সমস্ত নথি ফেলে দেওয়া হতে পারে। এনিয়ে যথাযথ তদন্ত করা উচিত। উদ্ধার জমির দলিলগুলিতে নকশালবাড়ি ও খড়িবাড়ি ব্লকের বিভিন্ন এলাকার বিবরণ রয়েছে। 

    ইতিমধ্যে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। থানার এক অফিসার জানিয়েছেন, উদ্ধার করা নথিপত্র সংগ্রহ করা হয়েছে। খড়িবাড়ি ব্লক ভূমিদপ্তরের আধিকারিককে টেলিফোন করা হলে রিসিভ করেননি। তাই ভূমিদপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। 
  • Link to this news (বর্তমান)