হরিচাঁদ ঠাকুরের নামে কলেজ, গোঁসাইভাতা চালুর দাবি করলেন জলপাইগুড়ির মতুয়ারা
বর্তমান | ০৬ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে উত্তরবঙ্গে কলেজের দাবি তুললেন মতুয়ারা। একইসঙ্গে ‘গোঁসাই ভাতা’ চালুরও দাবি জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার জলপাইগুড়িতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানান মতুয়ারা। সেখানে হাজির ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক নন্দলাল বিশ্বাস। তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার আসায় আমরা খুশি। নতুন সরকার মতুয়াদের দাবিদাওয়া পূরণে সচেষ্ট হবে, এটাই আশা আমাদের। মতুয়া সম্প্রদায়ভুক্ত বিজেপির যেসব প্রার্থী জয়ী হয়েছেন, তাঁদের যাতে মন্ত্রিসভায় রাখা হয়, এদিন বাপি গোস্বামীর মাধ্যমে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে সেই বার্তা পাঠানো হয়েছে। সেইসঙ্গে আমাদের দাবি, উত্তরবঙ্গে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক। মতুয়া সম্প্রদায়ের মধ্যে গোঁসাই ভাতার দাবি রয়েছে তাঁদের। দ্রুত যাতে তা চালু হয়, সেটা দেখতে হবে নতুন সরকারকে। মতুয়া সম্প্রদায়ের অনেকে এখনও জমির কাগজপত্র হাতে পাননি। অবিলম্বে যাতে এই সমস্যার সমাধান হয়, নতুন সরকারের কাছে সেই আর্জিও থাকছে তাঁদের।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক তথা মতুয়া মহাসংঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষক বাবুলাল বালার দাবি, উত্তর ও গৌড়বঙ্গ মিলিয়ে ২০ লক্ষের বেশি মতুয়া এবং নমঃশূদ্র ভোট রয়েছে। এর ৯০ শতাংশের বেশি ভোট এবার বিজেপিতে পড়েছে। যার কারণে বিজেপির এই বিপুল জয়। তাঁর দাবি, মতুয়া ভোট একচেটিয়া পদ্মফুলে পড়ার পিছনে অন্যতম কারণ, মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব সুনিশ্চিত করা। কেন্দ্রের মোদি সরকার সেটা মেনে নিয়েছে। সিএএ’র মাধ্যমে মতুয়াদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হোক, এটাই এখন আমাদের প্রধান দাবি।
রাজ্যে বিজেপি সরকার আসায় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আশা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক নন্দলাল বিশ্বাসের। এদিন তিনি বলেন, সিএএ’র মাধ্যমে নাগরিকত্বের জন্য মতুয়াদের অনেকেই আবেদন করেছেন। তাঁদের মধ্যে কিছু মতুয়া নাগরিকত্ব পেয়েছেন। পশ্চিমবাংলায় এবার ডবল ইঞ্জিনের সরকার হতে চলেছে। ফলে নাগরিকত্ব নিয়ে তাঁরা আর ভাবছেন না।
মতুয়াদের সংবর্ধনায় আপ্লুত বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী বলেন, আমাদের সরকারের আমলে সমস্ত জনজাতি, সব সম্প্রদায়ের মানুষ সম্মান পাবেন। মতুয়াদের উদ্দেশে বার্তা, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আপনাদের পাশে ছিলাম ও থাকব। এতদিন অবহেলিত, বঞ্চিত থেকেছে সনাতনী সমাজ। এখন সব সম্প্রদায়ের মানুষ আমাদের পরিবারের সদস্য। সবাইকে নিয়ে আমরা উন্নয়ন করব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা ‘সোনার বাংলা’ হবে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব আমরা। মতুয়াদের যেসব দাবিদাওয়া রয়েছে, রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর নিশ্চয়ই তা পূরণ হবে।