সতীপীঠ কঙ্কালীতলায় হিন্দু ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ
বর্তমান | ০৬ মে ২০২৬
সংবাদদাতা, বোলপুর: বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরই মঙ্গলবার মন্দিরে শুদ্ধিকরণ এবং প্রবেশ নিয়ম নিয়ে বড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুধ ও গঙ্গাজল দিয়ে মন্দির চত্বর পরিশুদ্ধ করার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, ৫১পীঠের অন্যতম পীঠস্থান বোলপুরের কঙ্কালীতলা। দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। মন্দির সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নিয়ম না মেনে পুজো দেওয়া ও অনিয়ন্ত্রিতভাবে মন্দিরে প্রবেশের ঘটনাও সামনে এসেছে। এর ফলে মন্দিরের পবিত্রতা নষ্ট হয়েছে বলে অভিযোগ। বিজেপির কিছু কর্মী-সমর্থক এদিন গেরুয়া পাঞ্জাবি ও পাগড়ি পরে মন্দিরে প্রবেশ করেন। তাঁদের মধ্যে কয়েকজনের হাতে বিজেপির পতাকাও দেখা যায়। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এমনকি, দুধ ও গঙ্গাজল ছিটিয়ে মন্দির শুদ্ধিকরণ করা হয়। একইসঙ্গে মন্দিরের গেটে একটি ব্যানার টাঙিয়ে জানানো হয়, হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। তাঁদের দাবি, ভবিষ্যতে মন্দিরের ঐতিহ্য ও শাস্ত্রসম্মত নিয়ম বজায় রাখতে মন্দিরে প্রবেশ, পুজোর ক্ষেত্রে কঠোর বিধি মানা হবে। এদিন বিজেপি নেতা-কর্মীরা পুরোহিতদের সাফ জানিয়ে দেন, মন্দিরে কোনো বিধর্মী ব্যক্তি প্রবেশ বা পুজো দিতে পারবেন না। এই প্রেক্ষিতে সেবাইতদের সঙ্গে বৈঠক করে মন্দির পরিচালনায় স্বচ্ছতা এবং ধর্মীয় নিয়ম কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয়। বিজেপি কর্মীদের বক্তব্য, হিন্দুদের মন্দিরে হিন্দুরাই প্রবেশ করবে, এটাই রীতি। এতদিন তা মানা হয়নি। কিন্তু, আর নয়। তাই মন্দির শুদ্ধিকরণ করা হয়েছে, এবার থেকে এখানে কেবল হিন্দুরাই প্রবেশ করবে। শ্রী শ্রী কঙ্কালীমাতা ঠাকুরানি উন্নয়ন ট্রাস্টের সম্পাদক নারায়ণ চৌধুরী বলেন, ২০১১-১২ সাল থেকে আমি এই ট্রাস্টকে আগলে রেখেছি। গত ১৫ বছর অনেক কষ্টের মধ্যে কাটাতে হয়েছে। আজ থেকে আমি ভয়মুক্ত। আগামী দিনে ট্রাস্ট যে সিদ্ধান্ত নেবে, সেটাই কার্যকর হবে।