গেরুয়া সুনামিতে সর্বোচ্চ মার্জিনে জয় বাঁকুড়া কেন্দ্রে
বর্তমান | ০৬ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় ১২-০ ফলাফলে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। বিধানসভা ভিত্তিক ফলাফল দেখে বিজেপির অনেকে চোখ কপালে তুলেছেন। বাঁকুড়া বিধানসভায় জেলার মধ্যে সর্বাধিক ভোটে জয়লাভ করেছে বিজেপি। বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা ৫৪হাজার ১৭৭ ভোটে তৃণমূলের চিকিৎসক প্রার্থী অনুপ মণ্ডলকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী ১লক্ষ ৩৬হাজার ৯৮২ ভোট পেয়েছেন। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮২হাজার ৮১৫ ভোট। শেষ কবে বাঁকুড়া বিধানসভায় এত বেশি ভোটে কোনো রাজনৈতিক দল জিতেছে, তা কেউ মনে করতে পারছেন না। ইন্দাস ছাড়া বাঁকুড়ার মতোই জেলার অন্য দশটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে ইভিএমে কার্যত সুনামি বয়ে গিয়েছে।
বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা বলেন, বাঁকুড়ার মানুষ আমাদের দু’হাত তুলে সমর্থন করেছে। তারজন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনে নতুন সরকার জেলার সবক্ষেত্রেই উন্নয়ন করবে। আমি বাঁকুড়াবাসী ও রাজ্য সরকারের মধ্যে সেতুবন্ধনের কাজ করব।
ওন্দার তৃণমূল প্রার্থী তথা দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন, মানুষের রায় আমরা মাথা পেতে নিচ্ছি। তৃণমূল সরকার গত ১৫ বছরে অনেক কাজ করেছে। তারপরও আমরা ভোটে জিততে পারিনি। নতুন সরকার মানুষের জন্য কাজ করবে, এই আশা করি।
ওন্দায় এবারও বিজেপির অমরনাথ শাখা ৩১হাজার ৭২৩ ভোটে জয়ী হয়েছেন। শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি নিকটতম তৃণমূল প্রার্থী উত্তম বাউরিকে ৩২হাজার ১৩৫ ভোটে পরাজিত করেছেন। ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপনকুমার মণ্ডলকে ৪৭হাজার ১৭৪ ভোটে হারিয়ে দিয়েছেন। জঙ্গলমহলের দুই কেন্দ্র রানিবাঁধ ও তালডাংরায় বিজেপি পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধানে জয় পেয়েছে। রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু ৫২হাজার ২৬৯ ভোটে তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদাকে পরাজিত করেছেন। তালডাংরার বিজেপি প্রার্থী সৌভিক পাত্র ৫০হাজার ৭৩ ভোটে তৃণমূলের ফাল্গুনী সিংহবাবুকে হারিয়েছেন।
জঙ্গলমহলের মধ্যে রাইপুরে তৃণমূল পরাজয়ের ব্যবধান কিছুটা কম। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ক্ষেত্রমোহন হাঁসদা তৃণমূল প্রার্থী ঠাকুরমণি সরেনকে ২৮হাজার ৭৪২ ভোটে পরাজিত করেছেন। জেলার শিল্পাঞ্চল বড়জোড়া বিধানসভায় তৃণমূল ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম মিশ্র ৪১হাজার ৩১০ ভোটে পর্যুদস্ত হয়েছে। সেখানে বিজেপির আইনজীবী প্রার্থী বিল্লেশ্বর সিনহা জয়ী হয়েছেন। বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষকে ৩০হাজার ৬০৫ ভোটে পরাজিত করেছেন। কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরকালি প্রতিহারকে ৩৪হাজার ৩৬৭ ভোটে পরাজিত করেছেন। সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি তৃণমূল প্রার্থী কল্লোল সাহাকে ২৯হাজার ৪১০ ভোটে হারিয়ে দিয়েছেন। এর মধ্যে ইন্দাসে পদ্ম শিবির কিছুটা বেগ পেয়েছে। ওই বিধানসভায় বিজেপি মাত্র ৯০০টি ভোটে জয় পেয়েছে। বিজেপি প্রার্থী নির্মলকুমার ধাড়া ১লক্ষ ৮৭৩৩টি ভোট পেয়েছেন। তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি পেয়েছেন ১লক্ষ ৭৮৩৩টি ভোট।