তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ অস্বীকার বিজেপির
বর্তমান | ০৬ মে ২০২৬
সংবাদদাতা, বোলপুর: বীরভূমে ভোটের ফল প্রকাশের পরেই বিভিন্ন এলাকায় হিংসার ঘটনা ঘটছে। সোমবার রাতে শ্রীনিকেতনের কিষান মান্ডি এলাকায় এক পুর প্রতিনিধির স্বামী তথা তৃণমূল নেতা বাবু দাসের মাছের ডিপোতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। একই রাতে বোলপুরের ৪ নম্বর ওয়ার্ডের সুরুল-শ্রীনিকেতন এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগও ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনে পুড়ে যায় দলীয় ব্যানার, ফেস্টুন ও নথিপত্র। মঙ্গলবার সকালে সিঙ্গি ও সিয়ান গ্রামের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। দুপুরে বোলপুর-শান্তিনিকেতনে তৃণমূল নেতা জামসেদ আলি খানকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, নানুরেও তৃণমূলের বেশ কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে এনে স্তূপ করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি কিছু কার্যালয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি। তৃণমূলের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতেও ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এই নিয়ে তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, বিজেপি বলেছিল পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করবে। এখন ভোটের ফল ঘোষণার পর তার নিদর্শন দেখাই যাচ্ছে। এই অভিযোগ অস্বীকার করে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, এখন বিজেপির ঝাণ্ডা ধরে তৃণমূলের দুষ্কৃতীরা এসব করে বেড়াচ্ছে। আমরা সকলকে সতর্ক থাকার জন্য বলেছি। ভারতীয় জনতা পার্টি এসব কাজের সঙ্গে কোনো দিন যুক্ত ছিল না।
প্রসঙ্গত, বোলপুর সাংগঠনিক জেলায় সাতটি আসনের মধ্যে পাঁচটিতে জয়লাভ করেছে বিজেপি। মঙ্গলবার সকালে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল তাঁর শান্তিনিকেতনের বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, বীরভূম জেলায় কাজল ও কেষ্টবাবুর দ্বন্দ্ব, তাদের সেই রাগ ঈর্ষা পূরণ করার একটা ভালো সময় বেছে নেওয়া হয়েছে। গতকাল আমাদের জয়লাভের পর থেকে ক্যাম্পে অনেক নতুন মুখ দেখেছি। তৃণমূলের কিছু আশ্রিত দুষ্কৃতী বিজেপির ঝাণ্ডা হাতে নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি করছে। এটা তৃণমূল কংগ্রেস দল নয়, ভারতীয় জনতা পার্টি। আমরা এত রাজ্যে থাকা সত্ত্বেও কোথাও এই ঘটনা ঘটেনি। তাই বাংলাতেও আমরা ঘটতে দেব না। বোলপুরের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, এটা আমাদের সংস্কৃতি নয়। বিজেপি এর সঙ্গে যুক্ত নয়।