নিহত বিজেপির নেতা ও কর্মীদের আত্মার শান্তিকামনায় শোভাযাত্রা, মাথা মুণ্ডন করে গঙ্গাস্নান বহরমপুরের জয়ী বিধায়কের
বর্তমান | ০৬ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রথমবার এরাজ্যে বিপুল জয় পেয়ে সরকার গড়ার পথে গেরুয়া শিবির। মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির মধ্যেই দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়ছে। এই উচ্ছ্বাসের আবহে মাথা মুড়িয়ে গঙ্গায় তর্পণ করলেন বহরমপুরের বিজেপির জয়ী প্রার্থী সুব্রত মৈত্র। রাজনৈতিক হামলায় যেসব বিজেপি কর্মী-সমর্থক খুন হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনার জন্য তিনি মাথা মুণ্ডন করে ভাগীরথীতে তর্পণ করলেন। নির্বাচনে দ্বিতীয়বার জয়লাভ করার পরদিন এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বহরমপুরে বিজেপির প্রার্থী হয়ে ব্যাপক মার্জিনে জয় পেলেন সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন। বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন কংগ্রেস নেতা খোদ অধীর চৌধুরী। তাঁকে ধরাশায়ী করে ১৭হাজার ৫৪৮ ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায় তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। সুব্রতবাবু ৯১হাজার ৮৮ ভোট পেয়েছেন। অধীরবাবু ৭৩হাজার ৫৪০টি ভোট পেয়েছেন। তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল ৪৯হাজার ৫৮৬টি ভোট পেয়েছেন। ফল বেরনোর পর থেকেই কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস করছেন। রাজ্য দখলের আনন্দে চারদিকে গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন কর্মীরা। চলে লাড্ডু বিলিও।
মঙ্গলবার সকালে নিজের কর্মী-সমর্থকদের নিয়ে ক্ষুদিরাম পাঠাগার থেকে বহরমপুরের কেএন কলেজঘাট পৌঁছে যান সদ্য জয়ী বিজেপি বিধায়ক। হাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদির ছবি নিয়ে তিনি পথ পরিক্রমা করেন। বিজেপি কর্মী ও সমর্থকদের পাশাপাশি এদিন তাঁর সঙ্গে ছিল কীর্তনের দল। তিনি ভাগীরথীর ঘাটেই ক্ষৌরকর্ম সারেন। তারপর নিহত কর্মী ও সমর্থকদের আত্মার শান্তি কামনা করে এই ঘাটেই তর্পণ করা হয়। ঘাটেই দুই ছবিতে মাল্যদান করা হয়। তারপর নিষ্ঠার সঙ্গে পুরোহিতের নির্দেশমতো তর্পণ করে সুব্রতবাবু। তিনি জানান, হিংসায় মৃত বিজেপি কর্মী-সমর্থকদের আত্মার শান্তি কামনায় এই তর্পণ। ২০২১সালের বিধানসভা নির্বাচনের পর বাংলায় রাজনৈতিক হিংসায় বিহু বিজেপি কর্মী-সমর্থক খুন হয়েছিলেন বলে অভিযোগ। সামশেরগঞ্জে হিংসায় প্রাণ হারানো হরগোবিন্দ দাস ও চন্দন দাসকেও স্মরণ করা হয়। তাঁদের শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনায় এই পদক্ষেপ বলে জানিয়েছেন সুব্রতবাবু। গতবছর কাশ্মীরের পহেলগাঁও হামলায় ২৬জন নিরীহ মানুষকে ধর্ম জানতে চেয়ে খুন করেছিল জঙ্গিরা। তাঁদের স্মৃতিতে সম্মান জানিয়ে এই তর্পণ করা হয়।