নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশনে বিজেপির নেতা-কর্মীরা জয়ের আনন্দ ভাগ করে নিলেন রেলযাত্রীদের সঙ্গে। মঙ্গলবার স্টেশনের একাধিক প্ল্যাটফর্মে যাত্রীদের ঝালমুড়ি ও কমলাভোগ বিলি করে বিজেপি। পাশাপাশি হাওড়া ও বালির তিন কেন্দ্রে জয়লাভ করার পর সেলিব্রেশনের পরিকল্পনায় ব্যস্ত বিজেপি প্রার্থী ও কর্মীরা। এদিন সকালে হাওড়া স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে উপস্থিত হন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। লোকাল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ঝালমুড়ি ও মিষ্টি উপহার দেন। ট্রেনের কামরায় উঠে যাত্রীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। নারায়ণবাবু বলেন, ‘আনন্দে আত্মহারা হয়ে আমাদের চোখ থেকে জল বেরিয়ে এসেছে। মানুষ চাইলে কী না হয়! মানুষ দু’হাত তুলে আশীর্বাদ করেছে বিজেপি ও নরেন্দ্র মোদিকে।’
এছাড়া উত্তর হাওড়া কেন্দ্রে প্রায় সাড়ে এগারো হাজার ভোটে জয়ী বিজেপি প্রার্থী উমেশ রাই এদিন বিকেলে ‘আশীর্বাদ যাত্রা’ করেন। উমেশবাবুর দাবি, ‘উত্তর হাওড়ার মানুষ অপশাসন থেকে মুক্তি চেয়েছিলেন। বুঝেছিলেন বিজেপি না এলে দুষ্কৃতীমুক্ত পরিবেশ সম্ভব নয়। সেটাই এবার বাস্তব হবে। প্রধানমন্ত্রীর যেদিন এখানে রোড শো করলেন সেটাই কর্মীদের কাছে আসল সেলিব্রেশন ছিল।’ অন্যদিকে শিবপুর কেন্দ্রে ১৬ হাজারেরও বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষও প্রচারে পুর পরিষেবার বেহাল চিত্র তুলে ধরে নজর কেড়েছিলেন। জয়ের পর তিনি বলেন, ‘সবার আগে সুশাসন প্রতিষ্ঠা করে মানুষের দুর্দশা দূর করাই লক্ষ্য। মানুষের কাছে যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নই হবে আসল উদযাপন।’ এর পাশাপাশি বালির জয়ী প্রার্থী সঞ্জয় সিং এদিন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়ে বলেন, ‘মানুষের প্রত্যাশাতেই হাওড়ায় পদ্মফুল ফুটেছে। এর থেকে বড়ো আনন্দ আর কিছুই হতে পারে না।’ হাওড়া স্টেশনে ঝালমুড়ি বিতরণ বিজেপির।-নিজস্ব চিত্র