ক্যানিংয়ে হাসপাতালে সুটকেস থেকে উদ্ধার নগদ ২০ লক্ষ, আটক ২
বর্তমান | ০৬ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট পর্বে নাকা চেকিংয়ে বারবার রাজ্যের বিভিন্ন জায়গায় টাকা উদ্ধার হয়েছে। ভোট মিটেছে, কিন্তু ফের টাকা উদ্ধারের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। তবে এবার গাড়ি নয়, হাসপাতালে একটি সুটকেস থেকে টাকা উদ্ধার হল। এই ঘটনায় প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হাসপাতালের অপারেশন থিয়েটারের মধ্যে একটি সুটকেস থেকে উদ্ধার হয়েছে টাকা ও গয়না। ভোটের ফলাফল ঘোষণার পরেরদিন এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে ক্যানিং পূর্বের মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে। সুটকেসে প্রায় ২০ লক্ষ টাকা ছিল বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এই হাসপাতালের অপারেশন থিয়েটারে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাহরুখ খানের জিম্মায় থাকা ওই সুটকেসে বিপুল টাকার বিষয়টি প্রকাশ্যে আসে। খবর আসে জীবনতলা থানার পুলিশের কাছে। এরপরই সেখানে হানা দেয় পুলিশ। সুটকেস খুলতেই বেরিয়ে আসে সোনা গয়না, প্রচুর টাকা, কয়েকটি আধার কার্ড প্রভৃতি। হাসপাতালের লোকজন সেটা দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেখানে পাঁচশো টাকার একাধিক বান্ডিল ছিল। একটি গাড়ির চাবিও মিলেছে।
অপারেশন থিয়েটারে এই টাকা কে রাখল, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ। কীভাবে এত টাকা গয়না এল হাসপাতালের অপারেশন থিয়েটারে? ওই চিকিৎসকের কাছেই বা কেন এত টাকা পাওয়া গেল? উঠছে এসব প্রশ্ন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, হাসপাতালের এক অ্যাম্বুলেন্স চালক সুটকেস ওই চিকিৎসককে রাখতে দিয়েছিলেন। তিনি আবার স্থানীয় এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ। প্রশ্ন উঠেছে, তাহলে কি তাঁর সম্পত্তি লুকিয়ে রাখতে ওই হাসপাতালে সুটকেস রাখা হয়েছিল? এই নিয়েও রহস্য দেখা দিয়েছে। এই গোটা ঘটনা সামনে আসতেই হাসপাতালের এবং আশপাশের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। যে চিকিৎসকের কাছে থেকে টাকা পাওয়া গিয়েছিল, তাঁকে আটকে রাখার চেষ্টা করা হয়। এমনকি ছাড় পাননি ওই অ্যাম্বুলেন্স চালকও। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে এই নিয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি। সূত্রের খবর, যে তৃণমূল নেতা ওই সুটকেস অ্যাম্বুলেন্স চালককে রাখতে দিয়েছিলেন, তিনি গা ঢাকা দিয়েছেন। তাঁর খোঁজ শুরু হয়েছে। পুলিশের দাবি, দ্রুত টাকা রহস্যের কিনারা হবে।