নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার গণনা কেন্দ্রগুলিতে বিজেপি লুট চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যেখানে জোড়াফুল শিবিরের দাবি, বিজেপির কথামতো নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী কাজ করেছে। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন যদি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হতো, তাতে সাধারণ মানুষ যে রায় দিতেন, তা আমরা মাথা পেতে নিতাম। তাতে তৃণমূল যা আসন পেত, তাই আমরা মেনে নিতাম। কিন্তু নির্বাচনের নামে গণনার দিনে লুট হয়েছে। ভোট লুট করে হারানো হয়েছে তৃণমূলকে। দুপুর ২টোর পর থেকে তাণ্ডব চালিয়েছে বিজেপি।
অভিষেকের দাবি, ১০০টির উপর গণনা কেন্দ্রে লুটতরাজ চালিয়েছে বিজেপি, সেই তথ্য আমাদের কাছে আছে। নির্বাচন কমিশনকে বলছি, সাহস থাকলে আমাদের দেওয়া ১০০টির মধ্যে ১০টি গণনা কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রকাশ করুক নির্বাচন কমিশন। ওই ফুটেজ সামনে এলে সব তথ্য প্রকাশ্যে আসবে। অভিষেকের অভিযোগ, যে ইভিএমগুলিতে ভোট হল ১০-১২ ঘণ্টা ধরে, তারপরেও ওইসব মেশিনে কী করে ৯০-৯৫ শতাংশ ব্যাটারি চার্জ থাকে? এমনকি, ভোটের দিনে যে ইভিএমে ভোট হয়েছে, আর গণনার দিনে মে মেশিনে গণনা হয়েছে, তার সিরিয়াল নম্বর মেলেনি একাধিক জায়গায়। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত বিষ্ণুপুরের আমতলায় অভিষেকের দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয়েছে। -নিজস্ব চিত্র