পালাবদলের সুযোগে বাইকে বিজেপির ঝান্ডা লাগিয়ে ঘুরছে দুষ্কৃতীরা, গ্রেপ্তারের নির্দেশ
বর্তমান | ০৬ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পালাবদল ঘটতেই দুষ্কৃতীরা বাইকে বা গাড়িতে বিজেপির ঝান্ডা লাগিয়ে বেমালুম ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, বেপরোয়া গতিতেও গাড়ি চালাচ্ছে। কেউ গাড়ি বা বাইকে বিজেপির পতাকা লাগিয়ে আইন ভাঙলে বা অপরাধ করলে রং না দেখে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের হিংসা, খুনোখুনি বরদাস্ত করা হবে না। এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ কর্মীদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার সব জেলার পুলিশ সুপার সহ শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এমনই বার্তা দিয়েছেন তিনি। এই নির্দেশ সব থানায় পাঠিয়েও দিয়েছেন এসপিরা।
ভোটের ফল বেরনোর পর জেলায় জেলায় হিংসা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নানুরে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অহিংসার বার্তা দিয়েছেন। বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ, হিংসা রুখতে রং না দেখে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশকে। তারপরই এদিন দুপুরে সব জেলার এসপি সহ শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ডিজি। একইসঙ্গে বিভিন্ন জায়গায় বাইক বা গাড়িতে বিজেপির পতাকা লাগিয়ে বেপরোয়া গাড়ি চালাচ্ছে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী। যারা দল পালটে ফের অপরাধ করতে সক্রিয় হয়েছে। এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন ডিজি। যদি কেউ অপরাধীদের পাকড়াও করার ক্ষেত্রে গড়িমসি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর।