নবান্নে ‘না’, বিজেপির নতুন মুখ্যমন্ত্রী ফিরছেন রাইটার্সেই, অস্থায়ী ঠিকানা হবে বিধানসভার অ্যানেক্স বিল্ডিং
বর্তমান | ০৬ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৩ বছরের গেরোয় ফের ঠিকানা বদল হতে চলেছে রাজ্য প্রশাসনের সচিবালয়ের। ২০১৩ সালের ৫ অক্টোবর ডালহৌসির শতাব্দীপ্রাচীন রাইটার্স বিল্ডিংস ছেড়ে নবান্নে ‘গৃহপ্রবেশ’ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ১৩ বছর পর রাজ্যে আবারও পালাবদল হয়েছে। আর সেই পালটানো হাওয়ায় প্রশাসনের ভরকেন্দ্র ফিরতে চলেছে মহাকরণেই। সূত্রের দাবি, রীতি মেনে রাজ্যের রাজধানী থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেই কারণে বিবাদী বাগের লালবাড়িতেই অধিষ্ঠিত হতে চলেছে বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর দপ্তর। রাজ্যের এক আমলা জানিয়েছেন, মঙ্গলবার মহাকরণ পরিদর্শন করেছে একাধিক সরকারি দপ্তরের অফিসাররা। দ্রুততার সাথে রাইটার্সকে সাজিয়ে তুলতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আজ, বুধবার মুখ্যসচিব এবিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন। জানা গিয়েছে, নবান্নের ১৩ ও ১৪ তলায় অবস্থিত সরকারি দপ্তরগুলি অগ্রাধিকারের ভিত্তিতে মহাকরণে স্থানান্তরিত হবে। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর দপ্তরের অফিসারদের জন্য প্রয়োজনীয় ঘরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবের চেম্বারও অবিলম্বে প্রস্তুত করতে বলা হয়েছে।
পূর্ত দপ্তরের এক কর্তার দাবি, ঢিমেতালে রাইটার্স সংস্কারের কাজ চলছিল। এই খাতে অর্থ বরাদ্দের হারও ছিল কম। নতুন সরকার আসার পর রাইটার্সের পুরানো গৌরব ফিরতে চলেছে। টেলিফোন, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ, জল সহ একাধিক মৌলিক বিষয়গুলির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এদিনই কাজ বুঝে নিয়েছে। সংস্কারের পর পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়কে নতুন সাজে সাজিয়ে তোলা হবে। সেক্ষেত্রে কয়েক সপ্তাহ সময় লাগবে। বিজেপি সূত্রের দাবি, ততদিন বিধানসভার অ্যানেক্স বিল্ডিং থেকে মুখ্যমন্ত্রী কাজ চালাতে পারেন। বিকল্প হিসেবে রাজভবনকেও (লোকভবন) মাথায় রাখা হয়েছে। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের আস্তানায় বিজেপি মুখ্যমন্ত্রীর অস্থায়ী ঠিকানা নিয়ে বিতর্কের আশঙ্কা রয়েছে।
শনিবার রবীন্দ্রজয়ন্তীর দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভাবী মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অধরা স্বপ্ন পূরণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন নবীন সহ এক ডজন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মহানগরীর ‘ফুসফুস’-এ শপথগ্রহণের পর রাজভবন যাবেন বিজেপির মন্ত্রীরা। সেখান থেকে সোজা রাইটার্সে। ২০১১ সালে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে রাজভবনে শপথ নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর হেঁটে রাইটার্সে পৌঁছেছিলেন। তার দেড়দশক পর শনিবাসরীয় দুপুরে ফের সরগরম হতে চলেছে ডালহৌসি চত্বর।